প্রেমের মাসেই সাত পাকে বাঁধা পড়েছেন রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলি। ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কলকাতার একটি ব্যাঙ্কোয়েটে বসেছিল তাঁদের বিবাহ বাসর। বিয়ের পর তাঁরা দু'জনেই কাজেও ফিরেছেন। এর মধ্যেই বিয়ের মাস ঘোরার আগেই রণজয়ের বদলে কাকে ভালবাসি জানালেন ছোটপর্দার 'গুড্ডি'?
সমাজমাধ্যমে এদিন একগুচ্ছ ছবি পোস্ট করেছেন শ্যামৌপ্তি মুদলি। তাঁর বাবার জন্মদিন ছিল সম্প্রতি। সেই অনুষ্ঠানের ছবিই নায়িকা এদিন পোস্ট করেছেন। সঙ্গে একটি আবেগঘন বার্তাও লিখেছেন বাবার জন্য।
শ্যামৌপ্তি মুদলি তাঁর এই পোস্টে লেখেন, 'কোনও দিন কোনও পোস্ট করিনি তোমাকে নিয়ে। কারণটা অবশ্য তোমার জানা। ব্যক্তিগত মুহূর্তগুলো আমি ক্যামেরার থেকেও চোখে বেশি ক্যাপচার করতে ভালবাসি। তাই অধিকাংশ সময় মাথাতেই থাকে না যে ছবি টুকুর হবে। আজ হঠাৎ করেই মনে হল এবার জন্মদিনে তোমার আর আমাদের কিছু মুহূর্ত ক্যাপচার করবই। সেটা করেও ফেললাম। যদিও আমার কর্তা, রণজয় উদ্যোগ না নিলে সম্ভব হতো না।'
তিনি এদিন আরও লেখেন, 'শুভ জন্মদিন পাপা। শুধু এই একটা দিন নয়, যেন প্রতিটা দিনই তোমার এই হাসিটা অটুট থাকে।'
শ্যামৌপ্তি মুদলি এদিন যে ছবিগুলো পোস্ট করেছেন, সেখানে প্রথম ছবিটিতে তাঁকে, রণজয়কে তাঁর বাবার সঙ্গে সেলফি তুলতে দেখা গিয়েছে। পরের ছবিতে দেখা গিয়েছে অভিনেত্রীর মাকে। কেক কাটা থেকে বাবাকে সেই কেক খাইয়ে দেওয়া সহ নানা মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন অভিনেত্রী। বাদ যায়নি তাঁর পরিবারের বাকি সদস্যদের ছবিও।
প্রসঙ্গত, বিয়ের পরই শ্যামৌপ্তি মুদলি তাঁর প্রথম ছবি 'ফুল পিসি ও এডওয়ার্ড' -এর ডাবিং শেষ করেছেন। উইন্ডোজ প্রোডাকশন হাউজের এই ছবিটির হাত ধরে বড়পর্দায় পা রাখছেন। অন্যদিকে রণজয় বিষ্ণুকে দর্শক শেষবার 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকে দেখেছেন। জানা গিয়েছে আগামীতে তিনি শীঘ্রই নতুন ধারাবাহিকে দেখা যাবে। তাঁর বিপরীতে থাকতে পারেন 'তোমাদের রাণী' ধারাবাহিক খ্যাত অভিকা মালাকার। যদিও এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে স্টার জলসার পর্দায় নাকি আসতে চলেছে তাঁদের সেই ধারাবাহিক।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, গত ১৪ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েছেন রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলি। দক্ষিণ কলকাতার একটি ব্যাঙ্কোয়েট হলে তাঁদের বিবাহ বাসর বসেছিল। নিকট আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হয় তাঁদের। এই তারকা জুটির বিয়েতে হাজির ছিলেন টলিউডের একাধিক চেনা মুখ। প্রসঙ্গত, রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলিকে প্রথমবার একসঙ্গে 'গুড্ডি' ধারাবাহিকে দেখা গিয়েছিল। সেখান থেকেই শুরু হয় তাঁদের প্রেম চর্চা। তাঁদের অনস্ক্রিন রসায়ন দর্শকদের এতটাই মনে ধরেছিল যে এই জুটিকে তাঁরা বাস্তবেও একসঙ্গে দেখতে চাইছিলেন। তাঁদের সেই আশা পূর্ণ হয়েছে। রণজয়-শ্যামৌপ্তির পর্দার আলাপ বাস্তবে আলাপ থেকে বন্ধুত্ব, প্রেম এবং দাম্পত্যে গড়িয়েছে।
