গত ১৪ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েছেন রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলি। প্রেম দিবসের দিন জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন টলিপাড়ার এই জুটি। পরিবার, আত্মীয়, বন্ধুদের উপস্থিতিতে হইহই করে চার হাত এক করেন তাঁরা। সিঁদুর দানের পর স্ত্রীর জন্য 'আ জারা জারা' থেকে শুরু করে 'রাঞ্ঝনা', 'গাল্লা গুড়িয়া' গানে নাচ করেন রণজয়। নাচের ফাঁকেই শ্যামৌপ্তির হাতে পরিয়ে দেন আংটি।কিন্তু বিয়ের পর প্রথম দোলে শ্যামৌপ্তির পাশে নেই রণজয়! তাহলে কার সঙ্গে দোল খেললেন নববধূ?
বিষয়টা একটু খোলসা করে বলা যাক। না, নবদম্পতির কোনও সমস্যা হয়নি, তাঁরা দিব্যি আছেন। আসলে দোলের দিন সকালে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় আগামী ছবি ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ সিনেমার ঝলক সামনে এনেছেন। সেখানেই একটি সাদা-কালো ছবিতে দেখা গিয়েছে, শ্যামৌপ্তিকে কেউ লাল আবির রং মাখিয়ে দিচ্ছেন। মায়াভরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছেন অভিনেত্রী। মুখের অভিব্যক্তিতে রয়েছে একরাশ না-বলা কথা।
শ্যামৌপ্তির ছবির নীচে লেখা রয়েছে, “সাদা কালো থেকে রঙিন, এটাই তো সিনেমা। শুভ দোলযাত্রা।“ রঙের উৎসবের শুভেচ্চা বার্তা জানিয়ে পরিচালক ক্যাপশন দিয়েছেন, “শুভ দোল পূর্ণিমা। সবাইকে বসন্তের অনেক শুভেচ্ছা। দেখা হবে বড় পর্দায় শিগগির।“
উইন্ডোজ প্রোডাকশনস-এর নতুন ছবি ‘ফুল পিসি ও এডওয়ার্ড’-এ প্রথমবার বড়পর্দায় অভিনয় করছেন শ্যামৌপ্তি। অভিনেত্রীর বিয়ের দিনই সেই ছবির লুক প্রকাশ্যে আনেন পরিচালক-প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ছাদনাতলায় বসার আগে শুভেচ্ছাবার্তাতে কনে লুকে ধরা দিয়েছিলেন শ্যামৌপ্তি। বিয়ের এক সপ্তাহের মধ্যে ‘ফুল পিসি ও এডওয়ার্ড’-এর কাজে যোগও দেন অভিনেত্রী।
শুধু ব্যক্তিগত জীবনে নয়, এই সময়টা শ্যামৌপ্তির কাছে যেন পেশাগত জীবনেও এক নতুন অধ্যায়ের সূচনা। ২০২৫ সালের শেষ দিকে উইন্ডোজের রজতজয়ন্তী উপলক্ষে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় তাঁদের নতুন ছবির ঘোষণা করেছিলেন, যার মধ্যে অন্যতম ছিল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’। পরিচালকজুটি জানিয়েছিলেন, এই ছবির গল্পে রয়েছে আবেগ ও রহস্যের মিশেল। সঙ্গে কাস্টিংয়েও থাকবে চমক। শ্যামৌপ্তি ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সোহিনী সেনগুপ্ত, অর্জুন চক্রবর্তী, অনামিকা সাহা, রাইমা সেন, সাহেব চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনন্যা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, ঋষভ বসু এবং সৌম্য মুখোপাধ্যায়কে।
