১৯৮৩ সালের কালজয়ী ছবি ‘মাসুম’-এর নস্টালজিয়া নিয়ে ফিরছেন পদ্মভূষণজয়ী প্রখ্যাত পরিচালক শেখর কাপুর। ওঁর আগামী ছবি ‘মাসুম: দ্য নিউ জেনারেশন’ নিয়ে এমনিতেই সিনেপ্রেমীদের কৌতুহলের শেষ নেই। আর এরই মাঝে এক সম্পূর্ণ ভিন্ন জগতের এক তরুণকে নিজের ‘মিউজ’ বা অনুপ্রেরণা হিসেবে খুঁজে পেলেন পরিচালক। তিনি আর কেউ নন, আইপিএল-এর বাইশ গজে গত দু’মরশুম ধরে বোলারদের ঘুম উড়িয়ে দেওয়া ১৫ বছর বয়সী ভারতীয় ক্রিকেট সেনসেশন বৈভব সূর্যবংশী!
শেখর কাপুর স্পষ্ট জানিয়েছেন, এই কিশোর যদি ক্রিকেট মাঠে এমন অতিমানবীয় ব্যাটিং না করতেন, তবে ওঁর নতুন ‘মাসুম’ ছবির প্রধান চরিত্রের জন্য বৈভবকেই বেছে নিতেন তিনি।সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে তরুণ ক্রিকেটার বৈভবের একটি ছবি শেয়ার করে শেখর কাপুর লেখেন, “যদি সূর্যবংশী এমন একজন চাঞ্চল্যকর ও প্রতিভাবান ক্রিকেটার না হতো... তবে আমি নিশ্চিতভাবে ওকে আমার ‘মাসুম’ সিনেমাতে কাস্ট করতে পারতাম।”
শেখর কাপুরের এই পোস্টটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের মতে, বিহারের এই ক্রিকেটারের মুখের অবয়ব এবং চোখের দু'টো এত নিষ্পাপ যা শেখর কাপুরের ‘মাসুম’-এর আবেগময় জগতের সঙ্গে হুবহু মিলে যায়। ক্রিকেট দুনিয়া যদি বৈভবকে কেড়ে না নিত, তবে হয়তো রুপোলি পর্দা আজ এক নতুন প্রতিভাকে পেত!
প্রসঙ্গত, বিহার থেকে উঠে আসা এই বাঁ-হাতি ব্যাটার এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল ভবিষ্যৎ। আইপিএল -এ রাজস্থান রয়্যালস -এর হয়ে খেলে গত বছর অর্থাৎ ২০২৫-এর আইপিএলে ইতিহাস তৈরি করেছিলেন বৈভব সূর্যবংশী। ২০২৫ আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে শতরান করে আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হন তিনি। ৩৮ বলে ১০১ রানের সেই বিধ্বংসী ইনিংসটি ছিল কোনও ভারতীয়র করা দ্রুততম আইপিএল সেঞ্চুরি।
সদ্য সমাপ্ত ২০২৬ সালের আইপিএল মরশুমেও রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাটে আগুন ঝরিয়েছেন বৈভব। টুর্নামেন্টের অন্যতম সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে তিনি ২৩৭-এর বেশি স্ট্রাইক রেটে মোট ৭৭৬ রান করেছেন! যার মধ্যে রয়েছে রেকর্ড ভাঙা ৭২টি ছক্কা। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩৭ বলে ১০৩ রান এবং এলিমিনেটর ম্যাচে মাত্র ২৯ বলে ৯৭ রানের ইনিংস খেলে রাজস্থানকে একাই প্লে-অফে টেনে নিয়ে যান এই বিস্ময় বালক। যদিও ওঁর দল শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।
ওদিকে শেখর কাপুরের ‘মাসুম: দ্য নিউ জেনারেশন’ ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ এখন তুঙ্গে। ১৯৮৩ সালের মূল ছবির আবেগ ধরে রেখে আধুনিক প্রেক্ষাপটে ভালবাসা, পরিচয় সংকট, পরিবার এবং পরিযায়ী জীবনের গল্প বলবে এই নতুন সংস্করণ। ছবিতে অভিনয় করছেন একঝাঁক হেভিওয়েট তারকা -নাসিরুদ্দিন শাহ্, শাবানা আজমি, মনোজ বাজপেয়ী, নিত্য মেনন এবং কাবেরী কাপুর।
চলতি বছরের শেষের দিকেই এই ছবির শুটিং শুরু হওয়ার কথা। বৈভব সূর্যবংশী হয়তো সিনেমার সেটে না গিয়ে ক্রিকেট মাঠেই বাউন্ডারি হাঁকাবেন, কিন্তু ওঁর ভেতরের সেই ‘মাসুম’ সত্ত্বা যে খোদ শেখর কাপুরের মন জয় করে নিয়েছে, তা বলাই বাহুল্য!















