শাহিদ কাপুর এখন ওঁর সদ্য মুক্তি পাওয়া রোমান্টিক-ড্রামা ‘ককটেল ২’-এর সাফল্য উপভোগ করছেন। গত ১৯শে জুন মুক্তি পাওয়া এই ছবিতে শাহিদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন দুই গ্ল্যামারাস কুইন— কৃতি শ্যানন এবং রশ্মিকা মন্দানা। ছবিটির স্ক্রিনিংয়ের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ওঁর ভক্তদের সঙ্গে ‘আস্ক মি অ্যানিথিং’ রাউন্ড অর্থাৎ প্রশ্নোত্তর পর্বে হাজির হয়েছিলেন অভিনেতা। আর সেখানেই এক মহিলা অনুরাগীর করা এক মজার প্রশ্নের ওঁর দেওয়া ক্ষুরধার ও বুদ্ধিদীপ্ত জবাব এখন নেটপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দু!

ছবিতে শাহিদ কাপুরের চরিত্রের নাম ‘কুণাল’, যে ওঁর সম্পর্কের প্রতি এতটাই সৎ ও নিখুঁত যে নেটিজেনরা ওঁকে ‘গ্রিন ফরেস্ট’ বা আদর্শ পুরুষের তকমা দিয়েছেন। প্রশ্নোত্তর পর্বে এক অনুরাগী শাহিদকে ট্যাগ করে  প্রশ্ন করেন— “কুনাল তো পুরো গ্রিন ফরেস্ট ছিল... তা এই ধরণের ছেলেরা বাস্তবে কোথায় পাওয়া যাবে একটু বলবে ????”

হাজার হাজার সিরিয়াস প্রশ্নের ভিড়ে শাহিদের চোখ এড়ায়নি এই মজাদার প্রশ্নটি। ওঁর চিরচেনা রসবোধের পরিচয় দিয়ে শাহিদ কাপুর সঙ্গে সঙ্গে উত্তর দেন:“দুর্ভাগ্যবশত, এই মুহূর্তে এই ধরনের ছেলে পেতে হলে আপনাকে আপনার বাড়ির কাছের প্রেক্ষাগৃহে যেতে হবে!” স্বভাবতই, শাহিদের এই চটপটে আর মজাদার জবাব দেখেশুনে হেসেই খুন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় এই চ্যাট এখন মারাত্মক ভাইরাল।

 

সপ্তাহান্তে বক্স অফিসে দুর্দান্ত ঝড় তোলার পর, গত সোমবারে এসে কিছুটা হোঁচট খেয়েছে ‘ককটেল ২’। দর্শক এবং সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও প্রথম তিন দিন ছবিটির আয়ের গ্রাফ বেশ ঊর্ধ্বমুখী ছিল। কিন্তু সোমবার আসতেই ওঁর গতিতে বেশ বড়সড় ব্রেক লেগেছে।ট্রেড অ্যানালিস্ট সংস্থা ‘স্যাকনিল্ক’ -এর প্রতিবেদন অনুযায়ী, প্রথম সোমবারে ভারতের বক্স অফিসে ছবিটির নেট কালেকশন হয়েছে মাত্র ৬.৩৫ কোটি টাকা (দেশজুড়ে মোট ৯,৭৮৫টি স্ক্রিনে)। যা ছবির রবিবারের আয় (১৭.৭৫ কোটি টাকা)-এর তুলনায় এক ধাক্কায় প্রায় ৬৪.২% কম!


সোমবারের এই বড় পতনের পর সপ্তাহের বাকি দিনগুলোতে ছবির আয় কেমন থাকে, সেটি এখন দেখার। তবে ছবির বাজেট এবং উইকএন্ডের ব্যবসার নিরিখে বিশ্বজুড়ে ৮৫ কোটির গণ্ডি পার করে ফেলাটা শহিদদের জন্য বেশ স্বস্তির।

২০১২ সালে মুক্তি পাওয়া দীপিকা পাড়ুকোন, সইফ আলি খান এবং ডায়ানা পেন্টির আইকনিক ছবি ‘ককটেল’-এর কথা মনে আছে নিশ্চয়ই? হোমি আদাজানিয়ার পরিচালনায় তৈরি এই ‘ককটেল ২’ মূলত সেই ছবিটিরই একটি স্পিরিচুয়াল সিক্যুয়েল। গল্পের কেন্দ্রে রয়েছে এক দীর্ঘদিনের প্রেমিক-প্রেমিকা জুটি কুণাল (শাহিদ) এবং দিয়া (রশ্মিকা)। তাঁদের সাজানো ও সুখের সম্পর্কে হঠাৎ করেই যখন তৃতীয় ব্যক্তি হিসেবে ‘অ্যালি’ (কৃতি শ্যানন)-র প্রবেশ ঘটে, তখন তাঁদের ভালবাসা এবং পরস্পরের প্রতি টান কেমন কঠিন পরীক্ষার মুখে পড়ে— তাই নিয়েই এগিয়েছে ‘ককটেল ২’র গল্প।