বৃহস্পতিবার কর্নাটকের ম্যাঙ্গালোরে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলিউডের 'বাদশাহ' শাহরুখ খান। সেখানে এক মহিলা অনুরাগী শাহরুখকে বলেন, "আমার স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি।" অনুরাগী মুখে এমন কথা শুনে শাহরুখ প্রথমে লজ্জা পেলেও, পরক্ষণেই তিনি হাসিমুখে সামলে নেন। তিনি মজা করে বলেন, "এই কথাগুলো তো আড়ালে বলার মতো!" অভিনেতার এই রসবোধ ভরা জবাব শুনে অনুষ্ঠানে উপস্থিত সবাই হেসে ফেলেন।

তবে মজা করলেও শাহরুখ খুব সুন্দরভাবে বিষয়টি সামাল দেন। তিনি জানান, অনুরাগীর এই ভালবাসা তিনি সম্মান করেন। তিনি আরও বলেন, "আমি জানি এটা শুধু ভাল লাগা। আমি নিশ্চিত আপনার স্বামীও বিষয়টি বুঝতে পারছেন। আমি আপনাদের সবাইকে ভালবাসি—আপনার স্বামী, পরিবার—সবাইকে।"

ম্যাঙ্গালোরের সঙ্গে শাহরুখের পুরনো যোগ রয়েছে। ছোটবেলার প্রথম পাঁচটি বছর তিনি এই শহরেই কাটিয়েছিলেন। অনুষ্ঠানে শাহরুখ কন্নড় ভাষায় 'নমস্কার' জানিয়ে তার বক্তব্য শুরু করেন। এয়ারপোর্ট থেকে অনুষ্ঠানের মঞ্চ—সব জায়গাতেই অনুরাগীরা তাকে দেখতে ভিড় জমিয়েছিলেন।

বর্তমানে শাহরুখ খান তাঁর আসন্ন ছবি 'কিং'-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। সেখানে তাঁকে এক নতুন অবতারে দেখা যাবে। এই ছবিতে শাহরুখের বিপরীতে রয়েছেন দীপিকা পাড়ুকোন। এছাড়াও ছবির চমক হিসেবে থাকছেন শাহরুখ-কন্যা সুহানা খান, অভিষেক বচ্চনের মতো তারকা। এর মধ্যেই ম্যাঙ্গালোরের এই অনুষ্ঠানে শাহরুখের ওই অনুরাগীর কীর্তি বেশ চর্চায় রয়েছে সোশ্যাল মিডিয়ায়‌।