শাহরুখ খানের অকুণ্ঠ প্রশংসায় পঞ্চমুখ বর্ষীয়ান অভিনেতা গোবিন্দ নামদেব। জানালেন কিং খান কীভাবে শত অসুস্থতার মধ্যেও কাজ করে যান নিরলস ভাবে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে গোবিন্দ নামদেব এও জানান, ২০০০ সালে 'ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি' ছবির শুটিং করার সময় শাহরুখের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা কেমন।
এদিন গোবিন্দ জানান তিনি মুগ্ধ হয়েছিলেন শাহরুখের ডেডিকেশন দেখে। এই বিষয়ে তিনি বিস্তারে সেই সাক্ষাৎকারে বলেন, 'ও এমন একজন যে একটানা ২৪ ঘণ্টা কাজ করতে পারে। ৩-৪ ঘণ্টা মাত্র ঘুমায়। তার মধ্যেই ডন বৈঠক সেরে নেয়, ডায়লগ মুখস্থ করে, কোনও উদ্বোধন থাকলে যায়, কাজের জন্য বিভিন্ন জায়গায় যায়। আমি ওকে দেখে ভাবি যে ও কী!'
এরপরই তিনি শাহরুখ খানের স্বাস্থ্যের বিষয়ে কথা বলেন। গোবিন্দর কথায়, 'শারীরিক দিক দিয়ে ওর অনেক সমস্যা। শিরদাঁড়ার সমস্যা আছে। আমরা ওকে দেখে শিখেছি যে কী করে সবটা আড়াল করে কাজ করে যেতে হয়।'
প্রসঙ্গত শাহরুখ খানকে আগামীতে 'কিং' ছবিতে দেখা যাবে। সদ্যই সেই ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। সেখানে কিং খানকে বলতে শোনা গিয়েছে, তিনি 'ভয়' নন, 'আতঙ্ক' ছড়াতে আসছেন।। সমাজমাধ্যমে শাহরুখ খান ঘোষণা করে জানান ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে এই বহু প্রতীক্ষিত ছবিটি। শাহরুখের পাশাপাশি এই ছবিতে দেখা যাবে জয়দীপ আহলাওয়াত, রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, আরশাদ ওয়ারসি, সুহানা খানের মতো তারকাদের। অন্যদিকে বিশাল ভরদ্বাজ নিজেই শাহরুখের সঙ্গে ছবি করার সম্ভাবনা নিয়ে জানিয়েছেন সদ্যই। তাঁর কথায় 'এই ব্যাপারটা ‘হতেই হবে’।'
তবে শাহরুখ খানের অন্যতম চর্চিত ছবি 'ম্যায় হুঁ না' জল্পনা সিক্যুয়েল আসছে কিনা সেটা নিয়ে চর্চা তুঙ্গে। সেই বিষয়েও আপডেট পাওয়া গিয়েছে সদ্য। জানা গিয়েছিল এখানে দ্বৈত ভূমিকায় দেখা যাবে তাঁকে। সেটা কি সত্যি? ইন্ডাস্ট্রির অন্দরের খবর অনুযায়ী, ফারাহ এমন একটি কনসেপ্ট শাহরুখকে বলেছেন, যেখানে 'কিং খান'কে দেখা যাবে দুই একেবারে বিপরীত চরিত্রে। এই ভাবনাই নাকি শাহরুখের মন কেড়েছে, ফলে ‘কিং’-এর পর তাঁর পরবর্তী ছবির দৌড়ে ‘ম্যায় হুঁ না ২’ বেশ শক্ত প্রতিদ্বন্দ্বী। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, সিক্যুয়েল কি আবার কলেজ ক্যাম্পাসে ফিরবে, না কি একেবারে নতুন প্রেক্ষাপটে গল্প এগোবে? সূত্রের খবর, ছবির দেশপ্রেমের মূল সুর বজায় থাকলেও আবেগ ও বিনোদনের মাত্রা থাকবে আগের মতোই। ডাবল রোলের ব্যবহার করে পরিচয়, দায়িত্ব আর পরিবারের মতো বিষয়গুলোকে নতুনভাবে তুলে ধরার পরিকল্পনাও থাকতে পারে।
অন্যদিকে সম্প্রতি, এক সাক্ষাৎকারে 'রা-ওয়ান' ছবির পরিচালক অনুভব সিনহা জানান, 'রা.ওয়ান'-এর সিক্যুয়েল অর্থাৎ ‘রা.ওয়ান ২’ বানানোর ইচ্ছে তাঁর প্রবল। তবে সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে গেলে কমপক্ষে দু' থেকে তিন বছরের দীর্ঘ সময় প্রয়োজন তাঁর। ফলে 'কিং' ছবির পর শাহরুখ খানকে কীসে দেখা যায়, সেটাই এখন দেখার।
