বলিউড বাদশা শাহরুখ খান অভিনয় করছেন মেয়ে সুহানা খানের সঙ্গে, ছবির নাম 'কিং'। অভিনেতা সৌরভ শুক্লা শাহরুখ-সুহানার একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন৷
সৌরভ শুক্ল জানিয়েছেন, শুটিং সেটে বাবা-মেয়ের সম্পর্ক নয়, বরং তাঁরা সম্পূর্ণ পেশাদার সহ-অভিনেতার মতোই কাজ করেছেন।
সৌরভ শুক্ল শাহরুখের সঙ্গে কাজ করার পুরনো অভিজ্ঞতাও শেয়ার করেন। 'বাদশা' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন৷ তিনি জানিয়েছেন, তখন শাহরুখ ছিলেন উঠতি তারকা, খুব বেশি কথা হয়নি। তবে সময়ের সঙ্গে তিনি বুঝেছেন, শাহরুখ একজন অসাধারণ ব্যবসায়ী। তাঁর ব্যবসায়িক বুদ্ধি না থাকলে এত বড় সাম্রাজ্য গড়ে তোলা সম্ভব হত না। পরিবার থেকেও শাহরুখ বড় সমর্থন পান।
'কিং' ছবিতে কাজ করতে গিয়ে সৌরভ শাহরুখকে একেবারে অন্য ভূমিকায় দেখেছেন—একজন বাবা হিসেবে। তবে সেটেও শাহরুখ, সুহানাকে নিজের মতো কাজ করার স্বাধীনতা দিয়েছেন বলে জানিয়েছেন সৌরভ শুক্ল৷
সৌরভ বলেন, “শাহরুখ একজন অত্যন্ত বুদ্ধিমান বাবা। তিনি সন্তানের স্বাধীনতাকে গুরুত্ব দেন। সেটে তিনি একেবারে সহ-অভিনেতার মতোই ছিলেন—রিহার্সাল করতেন, পরামর্শ দিতেন, ঠিক যেমন একজন সহকর্মী করেন।”
'কিং' ছবিটি সম্পর্কে বলা হয়েছে, এই ছবিতে শাহরুখকে নতুন ভূমিকায় দেখা যাবে৷ এটি অ্যাকশন ছবি হলেও বিনোদন থাকবে ভরপুর এমনটাই দাবি৷ ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ৷ গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অভিষেক বচ্চন, দীপিকা পাডুকোন।
















