অঞ্জন দত্ত পরিচালিত ছবি 'চালচিত্র এখন' পেয়েছে জাতীয় পুরস্কার। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে তরুণ অঞ্জন দত্তের ভূমিকায় অভিনয় কিরেছিলেন শাওন চক্রবর্তী। জাতীয় পুরস্কার প্রাপ্তির পর আজকাল ডট ইন যোগাযোগ করেছিল শাওনের সঙ্গে।
'চালচিত্র এখন' ছবিতে পরিচালনার পাশাপাশি অঞ্জন দত্ত অভিনয় করেছিলেন কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের চরিত্রে। ছবিটি মূলত মৃণাল সেন ও তরুণ অঞ্জন দত্তের সম্পর্কের গল্প৷
এর আগে কয়েকটি কাজ করলেও বাংলা ছবিতে এমন গুরুত্বপূর্ণ চরিত্র এবং অঞ্জন দত্তর মতো বর্ষীয়ান পরিচালকের সঙ্গে শাওনের কাজ করার সুযোগ আসে 'চালচিত্র এখন’ এর মাধ্যমে৷ জাতীয় পুরস্কার পাওয়ার খবর জানতে পেরে কী মনে হয়েছিল শাওনের?

শাওন বলেন, "চালচিত্র' সিনেমাটির পরিচালক ছিলেন মৃণাল সেন। অঞ্জন দত্ত 'চালচিত্র এখন' নামের একটি সিনেমা পরিচালনা করেছেন। সেটা এই বছর জাতীয় পুরস্কার পেয়েছে। স্বাভাবিকভাবেই খুব আনন্দ হচ্ছে।"
অঞ্জন দত্তের পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে শাওন বলেন, "আমি খুব আনন্দ নিয়ে অন্য একটা চরিত্র হয়ে উঠতে চেয়েছিলাম। আমার ভাল্লাগত। অথচ সেই মানুষটা আমিই। আমার পক্ষে কখনোই একটা অন্য মানুষ হয়ে ওঠা সম্ভব নয় বিজ্ঞানসম্মতভাবে। এই যে একটা কঠিন প্রক্রিয়াকে উপভোগ করা- এটা অঞ্জনদা, যে কোনওভাবেই হোক, আমার মধ্যে তৈরি করে দিয়েছিলেন।"
তরুণ অঞ্জন দত্ত হয়ে ওঠা শাওনের কাছে ঠিক কতটা চ্যালেঞ্জিং ছিল, আজকাল ডট ইন-এর প্রশ্নে শাওন বলেন, "খুব প্রত্যাশিতভাবেই চ্যালেঞ্জিং ছিল। কারণ যাঁর চরিত্রে আমি অভিনয় করছি, সে এত বিখ্যাত একটা লোক, সে নিজেই পরিচালনা করবে একটা সিনেমা এবং আমি অভিনয়ও করব সেই লোকটার সঙ্গে। কিন্তু খুব সচেতনভাবেই ভয় পাওয়ার থেকে উপভোগ করার দিকে বেশি ঝুঁকেছিলাম।"

অভিনেতা শাওন চক্রবর্তী সুগায়ক৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই ছাত্র যেমন ভাল গান করেন তেমনই ভাল গীটার বাজাতে পারেন৷ শাওন গীটার বাজাতে পারে কি না এটাই ছিল পরিচালক অঞ্জন দত্তের প্রথম প্রশ্ন৷ কিন্তু তথাকথিত নতুন একজনকে এত বড় মাপের একটা চরিত্রে ভরসা করলেন অঞ্জন দত্ত, কারণ তো শুধুই গীটার বাজাতে পারা নয়, কী মনে হয়? এই প্রশ্নের উত্তরে শাওন বলেন, "হয়তো। এটা আমার মনে হয় অঞ্জনদাই বলতে পারবেন।"
পরিচালক অঞ্জন দত্ত সম্পর্কে শাওন বলেন, "যেটা বাস্তবিকভাবে করে ওঠা সম্ভব নয়, সেটা করার কোনও ইচ্ছে নেই ওঁর। শিল্পীদের প্রচুর স্বাধীনতা দেন। স্বাধীনতার সদ্ব্যবহার করতে না জানলে, অঞ্জনদা করিয়ে নেন। আর স্পষ্ট দৃষ্টিভঙ্গি ছাড়া স্বাধীনতা দেওয়া সম্ভবও নয়।"
'চালচিত্র এখন' এর অজস্র দৃশ্য মনে রয়ে গিয়েছে শাওনের তবুও তিনি বলেন, " মনে আছে, গীটার ভেঙে ফেলার দৃশ্যটার শুটিং। একটা গীটার নিজের হাতে ওরকম হিংস্রভাবে ভেঙে ফেলাটা সহজ ছিল না।"
একটা সিনেমা ঠিক কোন গুণে জাতীয় স্তরে পুরস্কৃত হতে পারে সেই বিষয় শাওন অবশ্য আলাদা করে চিত্রনাট্য, পরিচালনা এইভাবে ভাবতে রাজি নন৷ তিনি বলেন, চিত্রনাট্য, পরিচালনা, অভিনয়, এগুলো একটা গোটা সিনেমার ক্ষেত্রে আলাদা আলাদা উপাদান নয়। সবটা মিলিয়ে একটা বিষয়। আমরা কিন্তু একটা গান শোনার ক্ষেত্রে চট করে এরকম ভাবি না। মানে তালটা ভাল, নাকি সুরটা ভাল? কোনটার জন্য গানটা বেশি ভাল লাগছে।"
জাতীয় পুরস্কার প্রাপ্তির পর পরিচালক অঞ্জন দত্তকে কী বলতে চান শাওন, 'কনগ্র্যাচুলেশনস্' এক কথায় অভিনন্দন জানিয়ে শাওন বলেন, "অঞ্জনদা যেভাবে কাজ করেন, সেই আনন্দ এবং উত্তেজনা নিয়েই কাজ করবেন। পুরস্কারপ্রাপ্তি নিঃসন্দেহে আরও উৎসাহ দেয়।"















