মুম্বইয়ে সম্প্রতি যাঁরা তাঁদের সম্পত্তি লিজে দিয়েছেন, তাঁদের তালিকায় নতুন সংযোজন সারা আলি খান৷ তিনি আন্ধেরি ওয়েস্টের একটি বাংলো পাঁচ বছরের জন্য ভাড়া দিয়েছেন মোট ৪.১৪ কোটি টাকায়।
সম্পত্তির নথিভুক্তিকরণের তথ্য অনুযায়ী, মাসিক ভাড়া শুরু হচ্ছে সাড়ে ছয় লক্ষ টাকা থেকে।
ভাড়াটে সংস্থার নাম প্রডিগি মন্তেস্বরি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড (Prodigy Montessori India Private Limited) যাঁরা এই প্রপার্টিটি স্কুল-সংক্রান্ত কাজে ব্যবহার করবে।
এই বাংলোটি মুম্বইয়ের ওল্ড লোকহান্ডওয়ালা কমপ্লেক্সের বেলস্কট কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে অবস্থিত। প্রায় ৪,৫০০ বর্গফুট জায়গা জুড়ে এই সম্পত্তি।
ভাড়াটে সংস্থা ২০ লক্ষ টাকা সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা দিয়েছে।
লিজের লক-ইন পিরিয়ড ৩৬ মাস, যা শুরু হবে ১ মে ২০২৬ থেকে। প্রথম দুই বছর মাসিক ভাড়া ৬.৫ লক্ষ টাকা থাকবে। এরপর তৃতীয় বছর থেকে প্রতি বছর ৫% করে বাড়বে। ফলে—
তৃতীয় বছরে ভাড়া হবে ৬.৮২ লক্ষ টাকা
চতুর্থ বছরে ৭.১৬ লক্ষ টাকা
পঞ্চম বছরে ৭.৫২ লক্ষ টাকা
সম্প্রতি বলিউডে বাণিজ্যিক কারণে সম্পত্তি লেনদেনের প্রবণতা বেড়েছে। এর আগে মাধুরী দীক্ষিত মুম্বইয়ের ওয়ান লোধা প্লেস, লোয়ার পারেলে একটি অফিস পাঁচ বছরের জন্য ভাড়া দিয়েছিলেন, যেখানে মাসিক ভাড়া ছিল ৪.২৫ লক্ষ টাকা।
এছাড়া রাকেশ রোশন এবং প্রমিলা রাকেশ রোশন আন্ধেরিতে একটি সম্পত্তি মাসে ১৪.৫ লক্ষ টাকায় ডাবইন্ডিয়াকে লিজ দিয়েছেন।
অন্যদিকে ববি দেওল এবং তাঁর স্ত্রী তানিয়া দেওল আন্ধেরি ওয়েস্টে প্রায় ১৫ কোটি টাকার অফিস ইউনিট নিয়েছিলেন৷
















