বিনোদনের দুনিয়ায় পরিচিত মুখ, অভিনেতা তথা কোরিওগ্রাফার সলমন ইউসুফ খান সম্প্রতি এক বড়সড় দুর্ঘটনার কবলে পড়েছেন। তবে, শুটিংয়ের সেটে নয়, বরং বাড়িতেই বিপত্তি ঘটল তাঁর সঙ্গে। নিজের ১০ বছরের ছেলেকে ঘুড়ি ওড়ানো শেখাতে গিয়ে ১৩ ফুট উঁচু ছাদ থেকে পড়ে গুরুতর চোট পেয়েছেন তিনি। এই ঘটনায় তাঁর হাতের দুটো হাড় ভেঙেছে বলে জানা গিয়েছে।
মুম্বইয়ের এক সংবাদমাধ্যমকে সলমন জানান, আজকের প্রজন্মের ছেলেমেয়েরা গ্যাজেট নিয়ে মেতে থাকে। তাই ছেলেকে কিছুটা বাইরের জগতের স্বাদ দিতেই ছাদের ওপর ঘুড়ি ওড়ানোর পরিকল্পনা করেছিলেন। ছেলেকে সব শিখিয়ে দেওয়ার পর, নিজে ঘুড়ি ওড়ানোর জন্য উৎসাহিত হয়ে পড়েন। আর ঠিক সেই মুহূর্তেই টাল সামলাতে না পেরে নিচে পড়ে যান তিনি।
তবে এই কঠিন সময়েও বেশ ইতিবাচক মনোভাব বজায় রেখেছেন ‘এবিসিডি’ খ্যাত এই তারকা। তিনি জানিয়েছেন, পেশাদার নৃত্যশিল্পী হিসেবে ছোটখাটো আঘাত তাঁর জীবনে নতুন কিছু নয়। চিকিৎসক জানিয়েছেন, দ্রুত সুস্থ হওয়ার জন্য তাঁকে আপাতত বিশ্রামে থাকতে হবে। ইতিমধ্যেই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যে প্লাস্টার খোলার সম্ভাবনা রয়েছে। এরপর এক মাসের ফিজিওথেরাপি চলবে।
সোশ্যাল মিডিয়ায় সলমনের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তাঁর অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছেন, অনুরাগীদের এই ভালবাসা তাঁকে দ্রুত সুস্থ হয়ে আবার নাচের জগতে ফেরার সাহস যোগাচ্ছে। মাসখানেকের মধ্যেই তিনি আবারও পুরনো ছন্দে ফিরে আসতে পারবেন বলে আশা রাখছেন।















