বলিউড সুপারস্টার সলমন খানের মুম্বইয়ের বাড়ি ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এ আচমকাই সাপের উপদ্রব। ১৮ মে সোমবার সেখানে একটি বড় সাপ দেখা যাওয়ায় তীব্র আতঙ্ক ছড়ায়। তবে শেষ পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি ছাড়াই সাপটিকে নিরাপদেই উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে, সলমন ও তাঁর পরিবার যে বহুতলটিতে থাকেন, তার নিচের তলাতেই সাপটিকে ঘুরে বেড়াতে দেখা যায়। সেখানে দায়িত্বে থাকা এক পুলিশ কর্মী প্রথম সাপটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে খবর দিয়ে একজন সাপুড়েকে ডেকে পাঠান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বন দপ্তরের কর্মীরাও। 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া উদ্ধারকাজের একটি ভিডিওতে দেখা গিয়েছে, প্রায় পাঁচ ফুট লম্বা একটি দাঁড়াশ সাপকে ধরার জন্য চেষ্টা করছেন ওই সাপুড়ে। কোনও রকম সুরক্ষামূলক গ্লাভস ছাড়াই তিনি সাপটির লেজ ধরে ফেলেন এবং সেটিকে নিজের হাতে পেঁচিয়ে একটি ব্যাগের ভেতর পুরে নেন। কোনও সেফটি গিয়ার ছাড়া ধরায় ধারণা করা হচ্ছে সাপটি বিষহীন ছিল। শেষমেশ সাপটিকে উদ্ধার করে বন দপ্তরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আবাসন কর্মীরা। সলমনের বাড়ি থেকে এই সাপ উদ্ধারের ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

প্রসঙ্গত, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সলমন খানের একটি পোস্ট ঘিরে তুমুল শোরগোল পড়ে গিয়েছিল। তিনি নাকি একা বোধ করছেন! এমন আভাস পেয়ে চিন্তায় পড়ে যান 'ভাইজান'-এর অনুরাগীরা। তবে এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে নিজেই মুখ খুললেন 'ভাইজান'। স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি মোটেই একা নন, বরং মানুষের ভিড়ে হাঁপিয়ে উঠে নিজের জন্য একটু একান্ত সময় কাটাতে চাইছিলেন। এরপরই পরিস্থিতি সামাল দিতে সলমন আরেকটি পোস্ট করে লেখেন, 'আরে, আমি নিজের ব্যাপারে কথা বলছিলাম না। এত বড়, অসাধারণ একটা পরিবার আর এত বন্ধু পাশে থাকতে আমি একা হই কী করে? আপনারা সবাই, আপনাদের ভালবাসা আর আশীর্বাদ থাকতে আমি কীভাবে একাকীত্বে ভুগব? মাঝেমধ্যে মানুষের সঙ্গে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যাই, তাই নিজের জন্য একটু সময় নেওয়া, ব্যস...। আমার মাও চিন্তায় পড়ে জিজ্ঞেস করছে, 'কী হয়েছে বাবা?' সাধারণত সোশ্যাল মিডিয়ায় পোস্টের সঙ্গে নিজের ছবি দিলেও, এবার কোনও ছবি ছাড়াই এই বার্তা দিয়েছেন সলমন।