বড়পর্দায় কি দেখা যাবে বলিউডের ‘ভাইজান’ সলমন খান এবং দক্ষিণী 'সেনসেশন' সামান্থা রুথ প্রভুর জুটিকে? বর্তমানে বি-টাউনের অলিতে-গলিতে কান পাতলে কিন্তু এই জল্পনাই সবথেকে জোরালোভাবে শোনা যাচ্ছে। জানা যাচ্ছে, পরিচালক জুটি রাজ ও ডিকে-র আসন্ন একটি সুপারহিরো কমেডি প্রজেক্টের জন্য কথাবার্তা চলছে এই দুই তারকার মধ্যে।

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল যে, সলমন খান তাঁর আগামী সিনেমাগুলির জন্য ভিন্নধর্মী চিত্রনাট্য খুঁজছেন। ঠিক সেই আবহেই রাজ ও ডিকে-র এই নতুন পরিকল্পনাটি সামনে আসে। এটি কেবল একটি অ্যাকশন ছবি নয়, বরং সুপারহিরো এলিমেন্টের সাথে হাস্যরসের এক অনন্য মিশেল হতে চলেছে। আর এই বিগ-বাজেট প্রজেক্টেই প্রধান নারী চরিত্রের জন্য সামান্থার কথা ভাবছেন নির্মাতারা।

এই ছবিতে সলমনকে এমন একজন সুপারহিরো হিসেবে দেখা যাবে, যে বছরের পর বছর পৃথিবী রক্ষা করতে করতে ক্লান্ত। সে এখন তার সুপারহিরো জীবন থেকে অবসর নিয়ে শান্তিতে থাকতে চায়। কিন্তু অবসর নিতে চাইলেও পরিস্থিতি তাকে শান্তিতে থাকতে দেয় না। বারবার বিভিন্ন ঘটনা তাকে অ্যাকশনে ফিরতে বাধ্য করে এবং শেষ পর্যন্ত সে এক বিশাল সংঘাতের মুখোমুখি হয়। এটি মূলত একটি 'হাই-কনসেপ্ট' সুপারহিরো কমেডি ছবি হতে চলেছে। গল্পে ভরপুর বিনোদনের পাশাপাশি কমেডি এবং সুপারহিরো অ্যাকশনের সংমিশ্রণ থাকবে। জানা যাচ্ছে, চলতি বছর এপ্রিল মাসে অভিনেতাকে চূড়ান্তভাবে গল্পটি শোনানো হবে। 

ছবির চিত্রনাট্য শোনার পর দুই পক্ষই প্রাথমিক আগ্রহ দেখিয়েছেন। তবে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হয়নি। সলমন খান আপাতত তাঁর অন্যান্য ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকলেও, রাজ ও ডিকে-র এই জবরদস্ত আইডিয়া তাঁকে বেশ আকর্ষণ করেছে। সামান্থা এবং সলমন, এই দুই ভিন্ন ঘরানার প্রতিভার রসায়ন বড়পর্দায় ঠিক কতটা জাদু তৈরি করতে পারে, এখন তা দেখার জন্যই মুখিয়ে রয়েছেন অগণিত অনুরাগীরা। যদি সব পরিকল্পনা মাফিক চলে, তবে খুব শীঘ্রই এই প্রজেক্টের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে এই নভেম্বর মাস থেকেই ছবির শুটিং শুরু হতে পারে।