২০ বছর পূর্ণ হল 'ওমকারা' ছবিটির। আর সেই উপলক্ষ্যে সইফ আলি খান তাঁর অভিনীত এই ছবিটির অন্যতম স্মরণীয় স্মৃতি মনে করলেন। জানালেন এই ছবির অন্যতম স্মরণীয় সিকোয়েন্সের শুটিংয়ের সময় বিশাল ভরদ্বাজ তাঁকে পোশাক ছাড়া, নগ্ন হয়ে শুটিং করতে বলেন।
সইফ আলি খান সম্প্রতি সেই ঘটনার স্মৃতি হাতড়ে বলেন, 'এই ছবি সংক্রান্ত একটি ঘটনা আমার খুব মনে আছে। ওখানে একটি আয়নার সামনে দাঁড়িয়ে দীর্ঘ একটি সংলাপ বলার ছিল। আর আমার মনে আছে বিশালজি আমায় বলেছিলেন, নগ্ন হয়ে সিনটা করতে কি তোমার আপত্তি আছে? ব্যাপারটা খুবই এক্সাইটিং ছিল, কিন্তু একই সঙ্গে খুবই সচেতন ছিলাম। কারণ ওই সময় সেটে প্রচুর মানুষ থাকতেন। ফলে, আমি তখন তাঁকে বলেছিলাম, শোনো, তুমি যদি আমায় নগ্ন হয়ে পরিচালনা করো, তাহলে আমিও পোশাক ছাড়া সিনটা করব। তাতে উনি বললেন না, আমি করব না। ফলে সেই সিনটা করতে গিয়ে খুব মজা হয়েছিল।'
এখন যদি তাঁকে এই একই প্রস্তাব দেওয়া হতো, তিনি কি রাজি হতেন? এই বিষয়ে সইফ বলেন, 'এখন আমি যখন অতীতের কথা মনে করি, তখন মনে হয় আমি তেমন কিছু ভাবতাম না, বা খারাপ লাগত না। আমি হয়তো করতাম। কারণ উনি পিছন থেকে আধো আলো, আধা ছায়ায় শুটিং করতেন। আমরা যেহেতু নতুন ধরনের কিছু একটা করার চেষ্টা করছিলাম, তাহলে এটা করলে একটা বেশ ব্যাপার হতো। আজ এই ছবির শুটিং হলে, আমি সেটা করতাম।'
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ওমকারা ছবির জন্য সইফ আলি খান মোটেই পরিচালকের প্রথম পছন্দ ছিলেন না। আমির খানকে বেছেছিলেন তাঁরা। কিন্তু মিস্টার পারফেকশনিস্ট একাধিক প্রশ্ন করতে থাকেন ছবিটির বিষয়ে, এমনকী কিছু বদল আনার কথাও বলেন। তখন বিশাল ভরদ্বাজ তাঁকে বাদ দিয়ে এই ছবির জন্য সইফ আলি খানকে নেন।
প্রসঙ্গত, 'ওমকারা' ছবিটি শেক্সপিয়রের ওথেলো নাটকের উপর ভিত্তি করে বানানো হয়েছিল। সইফ আলি খান ছাড়াও এই ছবিতে ছিলেন অজয় দেবগন, করিনা কাপুর, বিবেক ওবেরয়, বিপাশা বসু, প্রমুখ।
















