দীর্ঘ ২৩ বছর আগে ‘কল হো না হো’-র সেই ‘আমন’ আর ‘রোহিত’-এর রসায়ন আজও সিনেমাপ্রেমীদের মনে সতেজ। তারপর পুরস্কার মঞ্চে তাঁদের খুনসুটি বারবার মুগ্ধ করেছে দর্শকদের। তবে এবার প্রেক্ষাপটটা একটু আলাদা। অভিনেতা এবং সঞ্চালক জুটির খোলস ছেড়ে তাঁরা ফিরলেন ‘অভিনেতা-প্রযোজক’ জুটি হিসেবে। রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে তৈরি নতুন ছবি ‘কর্তব্য’-র হাত ধরে ফের এক সুতোয় গাঁথা পড়লেন শাহরুখ খান ও সইফ আলি খান।

বৃহস্পতিবার মুম্বইয়ে জমকালো এক অনুষ্ঠানে মুক্তি পেল এই ক্রাইম ড্রামার ট্রেলার। আর সেখানেই দীর্ঘদিনের বন্ধু তথা প্রযোজক শাহরুখ খানকে নিয়ে অকপট স্বীকারোক্তি দিলেন সইফ আলি খান।

 

 

সইফ জানালেন এই ওটিটি-ছবির শুটিং সেটে আসতেন না শাহরুখ! কেন? প্রযোজক হিসেবেও বা ঠিক কেমন শাহরুখ? তিনি কি কাজের মাঝপথে খবরদারি করেন? সাংবাদিকদের এইসব প্রশ্নের উত্তরে সইফ এক অদ্ভুত তথ্য শেয়ার করলেন। তিনি জানালেন, শাহরুখ অত্যন্ত উদার অথচ ‘পেশাদার’ একজন প্রযোজক। 

সইফের কথায়, "শাহরুখ এমন একজন প্রযোজক যিনি বিশ্বাস করেন পরিচালককে নিজের স্বাধীনতায় কাজ করতে দেওয়া উচিত। তিনি নিজে একজন বড় সৃজনশীল মানুষ হওয়া সত্ত্বেও একবারের জন্যও সেটে আসেননি। কারণ তিনি বোঝেন যে, তাঁর মতো ব্যক্তিত্ব সেটে উপস্থিত থাকলে অনেক সময় চাপের সৃষ্টি হতে পারে। তিনি চেয়েছিলেন পরিচালক পুলকিত যেন নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে ছবিটি তৈরি করতে পারেন।"

 

 

সইফ আরও জানান, শাহরুখের সঙ্গে তাঁর এই প্রজেক্ট নিয়ে খুব সংক্ষিপ্ত আলোচনা হয়েছিল। শাহরুখ তাঁকে চিত্রনাট্যটি শুনতে বলেন এবং সইফের সেটি পছন্দ হয়ে যায়। শুটিং শেষ হওয়ার পর শাহরুখ যখন পুরো ছবিটি দেখেন, তখন তিনি সইফকে জানিয়েছিলেন যে তিনি তাঁর পারফরম্যান্স নিয়ে যারপরনাই সন্তুষ্ট।


গৌরী খান প্রযোজিত এবং পুলকিত পরিচালিত ‘কর্তব্য’ একটি চরিত্র-কেন্দ্রিক ক্রাইম ড্রামা। ছবিতে সইফ আলি খানের পাশাপাশি অভিনয় করেছেন রসিকা দুগাল, সঞ্জয় মিশ্র, জাকির হোসেন এবং মণীশ চৌধুরীর মতো শক্তিশালী অভিনেতারা। বিবেক, ন্যায়বিচার এবং পরিণতির এক জটিল আবর্তে আবর্তিত হয়েছে এই ছবির প্রেক্ষাপট। একটি টানটান তদন্তের আবহে মানুষের নৈতিক লড়াইকে পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে এখানে।

আগামী ১৫ মে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে প্রিমিয়ার হতে চলেছে এই বহুল প্রতীক্ষিত ছবিটির। শাহরুখের রেড চিলিজ-এর আধুনিক সিনেমাটিক সেন্সিবিলিটি আর সইফের অভিনয় দক্ষতা— এই দুইয়ের মেলবন্ধনে ‘কর্তব্য’ যে ২০২৬-এর অন্যতম সেরা ক্রাইম ড্রামা হতে চলেছে, তা বলাই বাহুল্য।