'সাত পাকে বাঁধা' ধারাবাহিকে আসছে বড় চমক! বিয়ের পিঁড়িতে বসতে চলেছে শাওন। তবে শুভর সঙ্গে নয়। তার বাবার ঠিক করা পাত্রের সঙ্গে। কিন্তু তার আগে কোন সত্যের মুখোমুখি হবে নায়িকা?
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'সাত পাকে বাঁধা' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে, সেখানেই দেখা শাওনের বিয়ের তোড়জোড় চলছে। গোটা বাড়ি সেজে উঠেছে। কিন্তু শাওনের এই বিয়েতে একেবারেই মত নেই। সে শুধুই তার বাবার কথা ভেবে, বাবার মান রাখতে সম্মতি দিয়েছে। আদতে তো সে ভালবাসে শুভকে। তাকেই বিয়ে করতে চায়। কিন্তু জীবনের কাছে হার মেনে আপোষ করে নেয়। কিন্তু কার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে নায়িকার? শাওনের পিসির এক ঘনিষ্ঠের সঙ্গে তার বিয়ে ঠিক করা হয়েছে। ফলে এখান থেকেই স্পষ্ট যে এই বিয়ে নেপথ্যে কোনও না কোনও ষড়যন্ত্র আছে। কিন্তু সেটা কি জানতে পারবে নায়িকা?
দেখা যায় একদিকে যেখানে শাওনের দধিমঙ্গল চলছে, তখন অন্যদিকে তার হবু বর মিলে তারই পিসির সঙ্গে ছক কষছে। শাওনের বাবার সম্পত্তি হাতাতেই এই বিয়ে। বিয়ের পর নায়িকার বাবাকে খুন করার পরিকল্পনা তাদের। আর সেই সত্য জেনে যায় শাওন। কিন্তু শেষ পর্যন্ত কি তাদের মুখোশ টেনে খুলে এই বিয়ে আটকাতে পারবে সে? শেষ পর্যন্ত কার গলায় নায়িকা মালা দেয় সেটাই এখন দেখার।
















