নিজস্ব সংবাদদাতা : ছোটপর্দা থেকে বড়পর্দা এমনকী ওয়েব দুনিয়াতেও অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র-এর অভিনয় পছন্দ করেছেন দর্শক। এখন তিনি ছোটপর্দার 'লাবণ্য সেনগুপ্ত'। ষ্টার জলসার 'অনুরাগের ছোঁয়া'-এ নায়কের মায়ের চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। প্রথমে নেতিবাচক চরিত্রে দেখা গেলেও বর্তমানে ধূসর চরিত্রে ধারাবাহিকে ধরা দিচ্ছেন তিনি। কিন্তু কিছুদিন আগে ধারাবাহিকে 'লাবণ্য সেনগুপ্ত'কে দেখতে পাচ্ছিলেন না দর্শক। যদিও বর্তমানে তিনি আবারও ফিরেছেন। কিন্তু জল্পনা, নতুন কাজ শুরু করেছেন রূপাঞ্জনা। তাই 'অনুরাগের ছোঁয়া' থেকে মাঝে মাঝেই বিরতি নিচ্ছেন অভিনেত্রী। 

সূত্রের খবর, আবারও ওয়েব সিরিজেই দেখা যাবে অভিনেত্রীকে। এসভিএফ-এর প্রযোজনায় আসতে পারে সিরিজটি। এই বিষয়ে আজকাল ডট ইন -এর পক্ষ থেকে রূপাঞ্জনার সঙ্গে যোগাযোগ করা হলে এখনই এই বিষয়ে মুখ খুলতে নারাজ বলে জানান তিনি। 

প্রসঙ্গত, স্বামী রাতুল মুখোপাধ্যায়-এর পরিচালনায় 'কালিয়াচক চ্যাপ্টার ১' ছবিতে দেখা যেতে চলেছে রূপাঞ্জনাকে। ছবিতে দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে নজর কাড়বেন অভিনেত্রী। প্রযুক্তিগত ত্রুটির কারণে ছবির মুক্তি পিছিয়ে গিয়েছে। তবে আগস্ট মাসেই ছবিটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা।