'কালিয়াচক: চ্যাপ্টার ওয়ান'-এর পর আবারও এক জমজমাট থ্রিলার নিয়ে হাজির হতে চলেছেন পরিচালক রাতুল মুখোপাধ্যায়। আর এম সিনেমাজ প্রাইভেট লিমিটেডের ব্যানারে আসছে এই ছবিটি। প্রযোজনায় রয়েছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রও। এই ছবির হাত ধরেই একেবারে নতুন ভূমিকায় ধরা দেবেন রূপাঞ্জনা।
ইতিমধ্যেই সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে ছবির প্রথম পোস্টার। সঙ্গে জানা গিয়েছে রাতুলের এই আগামী ছবির নাম 'সওয়াল'। পোস্টারে দেখা যাচ্ছে একটা কাঠগড়া। আর ধোঁয়াশা ভরা পরিবেশে যেন লুকিয়ে রয়েছে হাজার প্রশ্নের উত্তর। কিন্তু পোস্টারে সেই প্রশ্নের জবাব অধরা। এরকমই রহস্যজনক পোস্টার ভাগ করে রাতুল ও আর এম সিনেমাজ প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে জানা গিয়েছে খুব তাড়াতাড়ি এই ছবির শুটিং শুরু হবে।

টলিপাড়ার অন্দরের খবর, এই ছবিতে শুধুমাত্র প্রযোজকের ভূমিকায় নয়, বরং অভিনয়েও দেখা যেতে পারে রূপাঞ্জনা মিত্রকে। তবে থ্রিলার ঘরানার ছবিতে ঠিক কোন চরিত্রে ধরা দেবেন অভিনেত্রী, তা এখনও খোলসা নয়। জানা যাচ্ছে, ছবির গল্প এগোবে সত্য ঘটনা অবলম্বনেই। তবে চিত্রনাট্যের খাতিরে গল্পে পরিবর্তন আসাটা স্বাভাবিক।
রাতুলের পরিচালনায় ছবি জুড়ে দেখা যেতে পারে টলিপাড়ার বহু পরিচিত মুখকে। ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে ছবির চরিত্রাভিনেতারা। খুব তাড়াতাড়ি ঘোষণা হবে তাঁদের নাম। এই মুহূর্তে চলছে চিত্রনাট্য ঘষামাজার কাজ। চলতি বছরের মাঝামাঝি সময়েই শুটিং ফ্লোরে যাবে 'সওয়াল'।
পোস্টারে কাঠগড়া দেখে নেটপাড়ায় ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে এই ছবি ঘিরে। তবে কি বাংলা ছবির জগতে আরও একবার কোর্ট রুম ড্রামার স্বাদ পাবেন দর্শক? তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে 'সওয়াল' যখন ছবির নাম, তখন জবাবের অপেক্ষা তো করতেই হবে।
প্রসঙ্গত, এতদিন বড়পর্দা, ছোটপর্দা এমনকী ওটিটির দুনিয়ায় জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। ছোটপর্দায় যেমন তাঁর প্রতিটি চরিত্র দর্শকের মন জয় করেছে, ঠিক তেমনই বড়পর্দা ও ওটিটিতেও প্রশংসিত হয়েছেন তিনি। এমনকী রাজনীতির ময়দানেও নিজের জায়গা প্রতিষ্ঠিত করেছেন রূপাঞ্জনা। এবার পালা প্রযোজকের দায়িত্ব পালন করার। অভিনেত্রীর নতুন যাত্রার সাক্ষী থাকার জন্য অপেক্ষায় তাঁর অনুরাগীরা।
