২০২৪ সালের ১৯ এপ্রিল দীর্ঘ ৬ বছর প্রেমের পর সাতপাকে বাঁধা পড়েন রাতুল মুখোপাধ্যায় এবং রূপাঞ্জনা মিত্র। তাঁদের প্রেম অনেকের কাছেই অনুপ্রেরণা। সমাজের একাধিক বদ্ধ ধারণাকে ভেঙেছেন তাঁরা। এবার তাঁদের দাম্পত্যর বিষয়ে একটি অজানা তথ্য প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। 

আজকাল ডট ইনকে দেওয়া একটি সাক্ষাৎকারে সম্প্রতি কথা ওঠে রাতুলকে নিয়ে। জানতে চাওয়া হয়, তিনি এত সুদর্শন, সুপুরুষ, তাঁর প্রেম জীবন কেমন ছিল। জবাবে রাতুলের আগে রূপাঞ্জনা বলে ওঠেন, "এই বিষয়ে আমি একটা কথা বলতে চাই। অনেকদিন ধরেই কোথাও বলতে চাইছিলাম, এখানে আজ বলছি। প্রথমবার। আমাদেরই ইন্ডাস্ট্রির লোকজন আমাকে বলেছিল, রূপাঞ্জনা তুমি খুব লাকি। তোমার বাড়িতে ডেজার্ট আছে। ও আমার সঙ্গে ছিল। সেটা শুনে আমি পিছনে ঘুরে গিয়েছি, ও ঘুরে গিয়েছে। আমরা ভেবে পাচ্ছি না যে হাসব না কাঁদব। একটা লজ্জাজনক ব্যাপার ঘটে। সঙ্গে ওর এক বন্ধুও ছিল।" কিন্তু কে সেই ব্যক্তি? সেটা প্রকাশ্যে আনেন না অভিনেত্রী। বরং বলেন, "তাঁর নাম বলছি না, তবে তিনি একজন অভিনেতা। তাঁর থেকে এই কথা শুনে আমরা দুজনেই হেসে ফেলেছিলাম।" তবে রাতুল জানান, সেদিন তাঁর সঙ্গে যে বন্ধু ছিলেন, তিনি আর কেউ নন টলিউডের অতি চেনা মুখ রাহুল দেব বসু। 

এরপর রাতুল তাঁর প্রেম জীবনের বিষয়ে কথা বলেন। পরিচালকের কথায়, "আমার স্কুলে প্রেম হয়নি। ক্রিকেট খেলতাম। সিরিয়াস ভাবেই খেলতাম। কলেজে ওঠার পর খেলাটা আমায় ছাড়তে হল। সেই সময় পাখনা গজাল, মনে হতে থাকল ভায়োলিন বাজছে, বসন্ত এসে গেছে। সেই সময় দুই একটা সম্পর্ক হয়েছিল।" 

প্রসঙ্গত, রাতুল মুখোপাধ্যায় রূপাঞ্জনা মিত্রর থেকে বছর কয়েকের ছোট। তাঁরা ২০১৭ সাল থেকে সম্পর্কে ছিলেন। এরপর তাঁরা দীর্ঘ সময় লিভ ইন করেন। অবশেষে ২০২৪ সালে সাতপাকে বাঁধা পড়েন। প্রসঙ্গত, এর আগে রূপাঞ্জনা মিত্রর আরও একটি বিয়ে ছিল। কিন্তু বলাই বাহুল্য, সেই বিয়েতে তিনি খুশি ছিলেন না। সন্তানকে নিয়ে আলাদা হয়ে যান। বর্তমানে স্বামী রাতুল এবং ছেলেকে নিয়ে গুছিয়ে সংসার করছেন অভিনেত্রী।