পরিচালক রোহিত শেট্টির মুম্বইয়ের বাড়িতে গত দু’মাস আগে গুলিবর্ষণের ঘটনায় জড়িত মূল অভিযুক্ত প্রদীপ কুমার ওরফে ‘গাঠ’কে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স এবং মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা যৌথ অভিযান চালিয়ে আগ্রার বাহ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
২০২৬ সালের ১ ফেব্রুয়ারি রাতে মুম্বইয়ের জুহু এলাকায় রোহিত শেট্টির আবাসন ‘শেট্টি টাওয়ার’-এ হামলার ঘটনাটি ঘটেছিল। দুষ্কৃতীদের ছোড়া গুলি তাঁর বারান্দার কাঁচের রেলিংয়ে গিয়ে লাগে। পুলিশি তদন্তে জানা গিয়েছে, কুখ্যাত শুভম লোনকর গ্যাংয়ের নির্দেশে বলিউডে আতঙ্ক ছড়িয়ে ফেলা এবং তোলাবাজির উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছিল। আগ্রার অশোক নগরের বাসিন্দা প্রদীপ সোশ্যাল মিডিয়ায় এই গ্যাংয়ের দ্বারা প্রভাবিত হয়েই এই অপরাধে জড়িয়ে পড়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, আন্ডারওয়ার্ল্ডে নিজেদের আধিপত্য বিস্তার করতে সানি, দীপু ও সোনু নামে তিন সহযোগীর সঙ্গে মিলে সে এই হামলা চালিয়েছিল।
এই ঘটনায় মুম্বই পুলিশ ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতা, অস্ত্র আইন এবং মহারাষ্ট্রের কঠোর সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ আইন বা ‘মকোকা’র অধীনে মামলা দায়ের করেছে। গ্রেফতারের পর প্রদীপকে মুম্বই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই মামলায় প্রদীপকে নিয়ে এখনও পর্যন্ত মোট নজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে প্রদীপ শর্মা ওরফে গোলু, দীপক এবং বিষ্ণু কুশওয়াহা সহ আরও আটজন অভিযুক্ত ধরা পড়েছিল।
রোহিত শেট্টির বাড়ির সামনে গুলিচালনার ঘটনা নিয়ে গোটা মায়ানগরী যখন উদ্বেগে ফুটছে, তখন খোদ পরিচালক কিন্তু মেজাজ হারাননি। বরং চিরাচরিত রসিকতায় বিঁধলেন পরিস্থিতিকে। সম্প্রতি তাঁর বহুল প্রতীক্ষিত ছবি ‘গোলমাল ৫’-এর শুটিং শুরু হয়েছে। আর সেই সেটের চনমনে মেজাজে রোহিত বুঝিয়ে দিলেন, ভয় পাওয়া তাঁর অভিধানে নেই। কয়েকদিন আগেই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর রোহিত শেট্টির বাড়ির সামনে কয়েক রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছিল মুম্বই পুলিশের অন্দরে এবং বলিউড মহলে। কিন্তু সেই আতঙ্ককে গায়ে না মেখে সেটে ফিরেই রোহিত বলেন, “আমার জীবনে তো কমেডি আর অ্যাকশন দুটোই সমানতালে চলছে!” জানা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৭-এই বড়পর্দায় মুক্তি পাবে 'গোলমাল ৫'।
















