সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

বিনোদনের দুনিয়ায় পা রাখছেন রোহিত শর্মা?

মাঠে তাঁর ব্যাটিংয়ের দাপট দেখেছে গোটা বিশ্ব। বোলারদের কুপোকাত করে একের পর এক সেঞ্চুরি হাঁকানো রোহিত শর্মা এবার কি অভিনয়ের পিচে নামছেন? ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক এবার তাঁর 'বিগেস্ট এন্টারটেইনমেন্ট ডেবিউ' বা বিনোদন জগতের সবথেকে বড় অভিষেকের ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ-এর একটি প্রোমো ভিডিও প্রকাশ করেছে। সেখানেই একেবারে গ্ল্যামার দুনিয়ার মেজাজে ধরা দিয়েছেন রোহিত। ভিডিওটি শেয়ার করে রোহিত নিজেই লিখেছেন, "আসছে আমার জীবনের সবথেকে বড় এন্টারটেইনমেন্ট ডেবিউ!" ক্রিকেটার কি কোনও ওয়েব সিরিজে অভিনয় করবেন নাকি নিজের জীবনের ওপর কোনও শো নিয়ে আসছেন, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। অনেকের ধারণা, এটি একটি জমজমাট টক-শো বা ডকু-সিরিজ হতে পারে। ২০২৬-এর আইপিএল জ্বরের মাঝেই রোহিতের এই ঘোষণা ভক্তদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করেছে। চ্যানেল কর্তৃপক্ষ এখনই সবটা খোলসা না করলেও জানিয়েছে, খুব শীঘ্রই বড় কোনও ঘোষণা আসতে চলেছে যা দর্শকদের চমকে দেবে।


নতুন অভিনেত্রীদের কী বার্তা দিলেন আমিশা?

বলিউডে কি এখন প্রতিভার চেয়ে প্রচারের জোর বেশি? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রশ্ন তুলেছেন আমিশা প্যাটেল। ইন্ডাস্ট্রির বর্তমান 'পিআর কালচার' বা প্রচারের লড়াই নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছেন তিনি। আমিশার দাবি, বর্তমান সময়ের অনেক তরুণ অভিনেত্রীই দর্শকদের ভালবাসায় নয়, বরং কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে নিজেদের জনপ্রিয় প্রমাণ করতে চান। তাঁর মতে, এখনকার দিনে 'নাম্বার ওয়ান' তকমাটা আর অর্জন করতে হয় না, বরং পিআর এজেন্সি দিয়ে তা অনায়াসেই 'কিনে' নেওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়ানো বা কৃত্রিমভাবে নিজেদের নাম চর্চায় রাখাকে তিনি ‘ফেক গেম’ বা মিথ্যার খেলা বলে অভিহিত করেছেন। অভিনেত্রী মনে করিয়ে দেন, গত বছর তাঁর ছবি 'গদর ২' কোনও বিশাল প্রচার ছাড়াই বক্স অফিসে ঝড় তুলেছিল। তাঁর মতে, আসল স্টারডম আসে সাধারণ মানুষের আবেগ থেকে, দামি পিআর এজেন্সির স্ট্যাটাস রিপোর্ট থেকে নয়। নতুনদের উদ্দেশ্যে তাঁর সাফ কথা, মেকি জনপ্রিয়তার পেছনে না ছুটে ভাল অভিনয়ে মন দেওয়া উচিত। কারণ, মিথ্যার বুদবুদ বেশিদিন টিকে থাকে না।

অভিনেত্রীর রহস্যমৃত্যুতে বিপাকে গায়ক

ভোজপুরি অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন মোড়! প্রায় তিন বছর পর এই মামলায় জনপ্রিয় গায়ক সমর সিং এবং তাঁর ভাই সঞ্জয় সিংকে নোটিশ পাঠালো ইলাহাবাদ হাইকোর্ট। ২০২৩ সালের মার্চ মাসে বারাণসীর একটি হোটেল থেকে আকাঙ্ক্ষা দুবের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছিল। পুলিশ বিষয়টিকে আত্মহত্যা বললেও তা মানতে নারাজ অভিনেত্রীর পরিবার। তাঁদের দাবি, এটি কোনও সাধারণ আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত খুনের ঘটনা। আকাঙ্ক্ষার মা মধু দুবে পুলিশের তদন্তে ভরসা না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তিনি এই মামলার সিবিআই তদন্ত দাবি করেছেন। সেই আবেদনের ভিত্তিতেই আদালত অভিযুক্ত গায়ক সমর সিং ও তাঁর ভাইকে নোটিশ পাঠিয়েছে। আগামী ২২ মে-র মধ্যে পুলিশকে এই মামলার সমস্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আকাঙ্ক্ষার মায়ের দাবি, সমর সিং তাঁর মেয়ের বকেয়া টাকা দিচ্ছিলেন না এবং দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতন করছিলেন। এই মামলায় সমর সিং আগে গ্রেফতার হয়েছিলেন, কিন্তু পরে জামিনে ছাড়া পান। এখন হাইকোর্টের হস্তক্ষেপে তাঁর বিপদ আবার বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।