২৯ মার্চ তালসারির সমুদ্র সৈকতে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। এদিন তাঁর সঙ্গে একটি ছবি পোস্ট করে শোকপ্রকাশ করলেন ঋদ্ধিমা ঘোষ। 

এদিন ঋদ্ধিমা ঘোষ তাঁর গর্ভাবস্থার সময়ের একটি ছবি পোস্ট করেছেন, তাঁর দুই পাশে গৌরব চক্রবর্তী এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে। এই ছবিটির সঙ্গে ঋদ্ধিমা লেখেন, 'আমি জানি না, না ভেঙে পড়ে এটা কী করে লিখব। আমার একটা অংশ এখনও এটা মানতে পারছে না যে তোমার নামের পাশে ছিল লিখতে হবে। তুমি ছিলে, আছ, থাকবে সবসময়। তুমি কখনই খালি বন্ধু ছিলে না। তুমি আমার বড় দাদা, প্রটেক্টর, কনস্ট্যান্ট ছিলে। আমি জানতাম আমার জন্য তুমি যে কোনও লড়াই লড়তে পারো। তুমি সবসময় সঠিকের পাশে দাঁড়িয়েছ। আমায় আমার জন্য কণ্ঠ তুলতে শিখিয়েছ। তুমি আদতেই আমার পরিবার ছিলে।' 

এদিন ঋদ্ধিমা আরও লেখেন, 'আমার জীবনের প্রতিটি ধাপে তুমি ছিলে, আমার জন্মদিন, ব্যাচেলর পার্টি, বিয়ে, মায়ের চলে যাওয়া, আমার মা হওয়া। সমস্ত ওঠাপড়ায় তুমি পাশে ছিলে। আমি জানি না এটা কী করে বিশ্বাস করব যে আর আগের মতো তুমি আমার পাশে থাকবে না। কিন্তু আমি জানি তোমায় আমি আমার মধ্যে বহন করে চলব।' 

তবে এদিন গৌরবের মতো ঋদ্ধিমাও একটি বিষয়ে আফসোস প্রকাশ করেন। লেখেন, 'একটাই আক্ষেপ ধীর তোমায় বেশিদিন পেল না। আমি আর গৌরব ওকে তোমার গল্প বলব যাতে একদিন ও গর্ব করে বলতে পারে আমি চিনি আমার জেঠুকে। তুমি আমার আশ্রয়, শক্তি ছিলে দাদা। জানি আগামীতেও তুমি কোনও না কোনও ভাবে আমায় গাইড করবে।'

গত ২৯ মার্চ শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে না ফেরার দেশে পাড়ি দেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রয়াণের খবর একদিকে যেমন তাঁর অনুরাগী থেকে সহকর্মী, বন্ধুরা কেউ মানতে পারছেন না, তেমনই তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা এবং সন্দেহ তৈরি হয়েছে। এই অবস্থায়, তাঁর জন্য বিচার চেয়ে, সঠিক তদন্তের দাবিতে ৪ এপ্রিল একটি মিছিলের ডাক দেওয়া হয়েছে।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে একাধিক প্রশ্ন উঠেছে। বিশেষ করে ঘটনাস্থলে উপস্থিত সকলের বয়ান আলাদা আলাদা হওয়ায় তৈরি হয়েছে বিভ্রান্তি, যা আরও উসকে গিয়েছে লীনা গঙ্গোপাধ্যায়ের জবাবে। আর্টিস্ট ফোরাম গোটা বিষয়ে জবাব চেয়েছিল। ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স প্রযোজনা সংস্থার তরফে সেই প্রশ্নের জবাব এসেছে। কিন্তু তাতে তুষ্ট নয়। এরপরই ৩ এপ্রিল রাতে আর্টিস্ট ফোরামের তরফে মিটিং ডাকা হয়। সেখানেই জানানো হয় তাঁরা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর করবে আর্টিস্ট ফোরাম। ইতোমধ্যেই রিজেন্ট পার্ক থানায় FIR করতে পৌঁছেছে আর্টিস্ট ফোরাম এবং প্রিয়াঙ্কা সরকার।