প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আইনি জটিলতায় জড়িয়েছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন এসব আইনি জটিলতার জন্য তাঁর অভিনয় জীবনের চূড়ান্ত ক্ষতি হয়েছে। এবার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ খোলামেলা কথা বললেন রিয়া চক্রবর্তী। সম্প্রতি নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদির সঙ্গে এক আড্ডায় রিয়া এবং তাঁর ভাই শৌভিক নিজেদের সম্পর্কের সমীকরণ ও বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন।
বর্তমানে রিয়া 'সিঙ্গল' কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, হ্যাঁ, তিনি এখন একাই রয়েছেন। তবে ভবিষ্যতে জীবনে এমন একজন সঙ্গীর খোঁজ করছেন, যিনি মানসিকভাবে অনেক বেশি ম্যাচিউরড বা পরিণত হবেন। বিয়ের প্রসঙ্গে উঠতেই রিয়া এক মজার শর্ত জুড়ে দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, ভাই শৌভিকের আগে তিনি কখনওই বিয়ে করবেন না। রিয়া বলেন, "ও আমার ছোট ভাই, তাই আগে ওর বিয়ে হওয়াটা জরুরি।"
অন্যদিকে শৌভিকও নিজের পছন্দের কথা জানিয়েছেন। তিনি এমন একজন জীবনসঙ্গী চান যিনি সব সময় সৎ থাকবেন। সমাজমাধ্যমে নিজেকে যেমনটা দেখান, বাস্তবেও যেন তিনি তেমনই হন—এমনটাই প্রত্যাশা শৌভিকের। পাশাপাশি, তাঁর হবু সঙ্গীর মধ্যে নিজস্ব স্টাইল এবং রসবোধ থাকাও জরুরি বলে মনে করেন তিনি।
এই আড্ডায় অঙ্গদ বেদিও নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নেন। তিনি জানান, আর্থিক স্বচ্ছলতা বিয়ের জন্য বড় বাধা নয়, বরং সঠিক সঙ্গীকে খুঁজে পাওয়াই আসল। তিনি নিজের উদাহরণ দিয়ে বলেন, যখন তিনি নেহাকে বিয়ে করেছিলেন, তখন তাঁর ব্যাংক অ্যাকাউন্টে খুব বেশি টাকা ছিল না। সব মিলিয়ে রিয়া এবং শৌভিকের এই কথোপকথন বেশ উপভোগ করেছেন তাঁদের অনুরাগীরা। আপাতত রিয়া নিজের কাজ এবং ব্যক্তিগত জীবন নিয়ে বেশ খুশি, তবে সম্পর্কের ক্ষেত্রে তিনি তাড়াহুড়ো করতে নারাজ। ভাইয়ের প্রতি তাঁর দায়িত্ব পালন করার পর তবেই তিনি নিজের ভবিষ্যতের কথা ভাববেন বলে জানিয়েছেন।















