বলিউড সুপারহিট ছবি ‘ওমকারা’র কথা মনে আছে? এই ছবির একটি গান, যা আজও মানুষের মুখে মুখে ফেরে, তা হলো ‘নমক ইশক কা’। কিন্তু আপনি কি জানেন, এই বিখ্যাত গানটি গাওয়ার বিষয়ে প্রথমে মোটেও উৎসাহী ছিলেন না গায়িকা রেখা ভরদ্বাজ?

সম্প্রতি এক সাক্ষাৎকারে রেখা নিজেই ফাঁস করেছেন সেই নেপথ্যের কাহিনি। তিনি জানিয়েছেন, সেই সময় পর্যন্ত তিনি মূলত বিষণ্ণ বা মেলোডিয়াস ঘরানার গান গাইতেই অভ্যস্ত ছিলেন এবং নিজেকে ওই গণ্ডিতেই সীমাবদ্ধ রেখেছিলেন। কিন্তু ‘নমক ইশক কা’-এর মতো সাহসী ও চটুল গান গাওয়া তাঁর কাছে বেশ বড় চ্যালেঞ্জ ছিল।

কিন্তু রেখার স্বামী পরিচালক ও সুরকার বিশাল ভরদ্বাজ জানতেন, রেখাই এই গানের জন্য উপযুক্ত। সেই সময় বিশাল গানের সুর তৈরি করছিলেন এবং রেখাকে দিয়ে বিভিন্ন অংশ গাইয়ে নিচ্ছিলেন বোঝার জন্য যে সুরটি ঠিকঠাক লাগছে কি না। রেখা জানান, যখন তিনি শখের বশে গানটি গাইছিলেন, তখন অজান্তেই কিছু উচ্চস্বরের সুর বা ‘হাই নোটস’ যোগ করে ফেলেছিলেন। সেই সুর শুনে বিশাল মুগ্ধ হয়ে যান। সঙ্গে সঙ্গে নিজের মটোরোলা ফ্লিপ ফোনে সেই অংশটুকু রেকর্ড করে রাখেন, যাতে ভুলে না যান।

রেখা বলেন, "এর আগে আমি কখনও ওই ধরনের গান গাইনি। গানের কথায় অশ্লীল শব্দ ছিল, আমি তাই ইতস্ততবোধ করছিলাম। কিন্তু এক্সপিরিমেন্ট করব বলেই চেষ্টা করেছিলাম। আর সেটাই হিট হয়ে যায়।"

প্রসঙ্গত, বিপাশা বসুর অনবদ্য নাচের সঙ্গে রেখা ভরদ্বাজের কণ্ঠে এই গানটি ছবি মুক্তির দুই দশক পরও সমান জনপ্রিয়। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি শেক্সপিয়ারের ‘ওথেলো’-এর ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল। অজয় দেবগণ, সইফ আলি খান, করিনা কাপুর খান অভিনীত এই ছবি বলিউডের ইতিহাসে ও দর্শকের মনে এক বিশেষ জায়গা দখল করে আছে।