নয়ের দশকের বলিউডে সবচেয়ে ‘হট অ্যান্ড হ্যাপেনিং’ জুটির নাম ছিল অক্ষয় কুমার এবং রবিনা ট্যান্ডন। ‘মোহরা’ ছবির সেই বৃষ্টিভেজা আইকনিক গান ‘টিপ টিপ বর্ষা পানি’-র শরীরী জাদু হোক বা ‘খিলাড়িওঁ কা খিলাড়ি’র টানটান কেমিস্ট্রি, অক্ষয়-রবিনার রোম্যান্স পর্দা ছাড়িয়ে বাস্তবেও ঝড় তুলেছিল। পরবর্তীতে ‘পুলিশ ফোর্স: অ্যান ইনসাইড স্টোরি’-র পর দীর্ঘ দু’দশকেরও বেশি সময় ধরে তাঁদের একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি।
অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পরিচালক আহমেদ খানের মেগা কমেডি ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর মাধ্যমে আবার পর্দায় ফিরছে তাঁদের জুটি। বলিপাড়ার অন্দরের খবর, রবিনা ও অক্ষয়ের প্রেম পরিণতি পেতে গিয়েও পায়নি। বাগদানের পর নাকি ভেঙে যায় তাঁদের সম্পর্ক। কিন্তু কী কারণে যে তাঁদের সম্পর্ক ভেঙেছিল তা আজও অজানা। এবার নিজেদের সম্পর্ক, বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন রবিনা ট্যান্ডন।
সম্প্রতি, এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তাঁদের বিচ্ছেদ হয়েছিল প্রায় ২৫-৩০ বছর আগে। অথচ আজও গুগলে তাঁর নাম সার্চ করলে অক্ষয়ের নাম সামনে চলে আসে। বিষয়টি নিয়ে তিনি বেশ অবাক। তাঁর কথায়, মানুষ কেন এখনও সেই পুরোনো বিষয় আঁকড়ে ধরে আছে, তা তিনি বুঝতে পারেন না। তিনি মনে করেন, আজকের দিনে সম্পর্ক ভাঙা বা বিচ্ছেদ খুবই স্বাভাবিক ঘটনা।
রবিনা বলেন, “আজকালকার কলেজে পড়া মেয়েরা তো প্রতি সপ্তাহে প্রেমিক বদলায়। মানুষ ডিভোর্স করছে, নতুন করে জীবন শুরু করছে। তাহলে আমার সেই ভাঙা বাগদান নিয়ে কেন এত মাতামাতি? কী এমন বড় ব্যাপার ঘটেছে যে এটা আজও আলোচনার বিষয়?”
অভিনেত্রী আরও জানান, তিনি এবং অক্ষয়—উভয়েই নিজেদের জীবনে অনেক আগে এগিয়ে গেছেন। তাঁদের মাঝে এখন আর কোনও তিক্ততা নেই। কোনও অনুষ্ঠানে দেখা হলে তাঁরা স্বাভাবিকভাবেই কথা বলেন। তিনি বলেন, “আমরা দু'জনেই পেশাদার মানুষ, একে অন্যকে শ্রদ্ধা করি। অতীতের তিক্ততা ঝেড়ে ফেলে সবাই জীবনে এগিয়ে গিয়েছি।”















