বৃহস্পতিবার  চার হাত এক হয়েছে বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকা মন্দানার। প্রেম নিয়ে এতদিন রাখঢাক করলেও, বুক ঠুকে বিয়ের খবর জানিয়েছেন দুই তারকা। এদিন উদয়পুরের আইটিসি মেমেন্টোস হোটেলে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তাঁরা। সমাজমাধ্যমে বিয়ের ছবি পোস্ট করেছে ‘ভিরোশ’। ভাইরাল হয়েছে তাঁদের একে অপরকে নিয়ে লেখা আবেগঘন বার্তা। 


বিয়ের দিন ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে এই জুটি ‘নো-ফোন পলিসি’ নিয়েছিল অর্থাৎ, বিয়ের মণ্ডপে কোনও অতিথি মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। তাই যতক্ষণ না দম্পতি নিজেরা তাঁদের বিশেষ দিনের ছবি প্রকাশ করেন, ততক্ষণ ভক্তদের কৌতূহল ছিল তুঙ্গে। অফিসিয়াল স্বামী-স্ত্রী হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে রশ্মিকা ও বিজয় তাঁদের নিজেদের সোশ্যাল মিডিয়ায় প্রথমবার বিয়ের ছবি সামনে আনেন। মুহূর্তে উপচে পড়ে শুভেচ্ছা  বার্তা। 

 

‘ভিরোশ’-এর বিয়ের ছবি আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী কৃতি স্যানন। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, “রাসু!! তোমার চোখভেজা হাসি আমাকে আবেগপ্রবণ করে দিয়েছে। আমি তোমার জন্য খুব খুশি। নতুন জীবনের জন্য অনেক ভালবাসা ও শুভেচ্ছা।” কৃতি রশ্মিকাকে ‘সবচেয়ে আন্তরিক হৃদয়ের মানুষ’ বলেও উল্লেখ করেছেন।


শুধু কৃতি নন, অভিনেত্রী মৌনি রায় লিখেছেন, “প্রেমিক যুগলকে এক রাশ ভালবাসা,”। রকুল প্রীত সিংহের কথায়, “তোমাদের সম্পর্ক সবসময় সুখে-শান্তিতে ভরা থাকুক।” এছাড়াও একের পর এক অন্যান্য তারকা শুভেচ্ছা জানিয়েছেন রশ্মিকা ও বিজয়কে। সামান্থা রুথ প্রভু, আয়ুস্মান খুরানা, নেহা ধুপিয়া, ভূমি পেডনেকর সহ আরও অনেক বলি তারকা ভালবাসা উজাড় করে দিয়েছেন। 

প্রসঙ্গত, কিছুদিন আগেই উদয়পুর উড়ে যান বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা। এরপর ২২ ফেব্রুয়ারি অভিনেত্রী নিজেই তাঁদের বিয়ের কথা ঘোষণা করেন। জল্পনায় সিলমোহর দিয়ে জানান, তাঁদের বিয়ের হ্যাশট্যাগ হবে ভিরোশের বিয়ে। ২৬ ফেব্রুয়ারি সকাল ১০.১০ নাগাদ গাঁটছড়া বাঁধেন তাঁরা।

রশ্মিকা ও বিজয়ের সম্পর্ক দীর্ঘ দিনের। প্রায় আট বছরের প্রেমের পর বিয়ের পরিণতির আনন্দ যেন এদিন নব বর-বধূর অভিব্যক্তিতে ধরা পড়েছে। জানা গিয়েছে, মালাবদলের সময় নাকি দু'জনের চোখ ছলছল করছিল। মুহূর্তটি ছিল বিজয়-রশ্মিকার বিয়ের সবচেয়ে আবেগঘন মুহূর্ত।