র্যাপিডো যে কেবল বাইক সার্ভিস দিয়ে থাকে সেটাই নয়। এতে বা অন্যান্য ক্যাব সার্ভিসে পার্সেল ডেলিভারি করার ব্যবস্থাও চালু হয়েছে। সেখানে মানুষ কতরকমের জিনিসই না পাঠান, খাবার থেকে শুরু করে পোশাক, বা অন্যান্য কিছু। কিন্তু তাই বলে আস্ত কুকুর! সম্প্রতি এমনটাই ঘটল।
এদিন সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি একটি কুকুরকে নিয়ে বাইকে করে যাচ্ছেন। কুকুরকে লক্ষ্মী হয়ে সামনে বসে। মন দিয়ে রাস্তা দেখছে। আর ভিডিওর নেপথ্যে বাজছে চালকের কণ্ঠ। তিনি বলছেন, 'ভাই আজ পর্যন্ত র্যাপিডোতে অনেক পার্সেল পেয়েছি ডেলিভারি করার জন্য। কিন্তু আজ পর্যন্ত এমন কোনও পার্সেল পাইনি। দেখুন আজ কী পার্সেল পেয়েছি আমি ডেলিভারি করার জন্য। এত খারাপ দিন এসেছে যে র্যাপিডোতে এসব পার্সেল করতে হচ্ছে।'
এই ভিডিও নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই। আর সেটা দেখেই ভারী মজা পেয়েছেন নেটিজেনরা। বিশেষ করে কুকুরটিকে শান্ত হয়ে বসে থাকতে এবং সফর উপভোগ করতে দেখে।
এক ব্যক্তি মন্তব্য করেন, 'খারাপ দিন? ভাই বলুন সেরা দিন। কী মিষ্টি কুকুরটা। পিছন থেকে দেখেই এত মিষ্টি লাগছে, না জানি মুখটা কত মিষ্টি হবে।' কেউ আবার লেখেন, 'আপনি অত্যন্ত ভাগ্যবান যে এমন একটা কিছু পার্সেল হিসেবে পেয়েছেন।' অনেকেরই মতে এটা সবথেকে 'মিষ্টি পার্সেল'।
















