টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমাগরম খবর কী?
স্থগিত ‘ধুরন্ধর’-এর ট্রেলার লঞ্চ
দিল্লিতে বিস্ফোরণের পর শোকের আবহে স্থগিত করা হল রণবীর সিং অভিনীত ছবি ‘ধুরন্ধর’এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। মঙ্গলবার রাতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রণবীর এই বিষয়ে একটি আপডেট শেয়ার করেছেন।
জিও স্টুডিওসের প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘দিল্লিতে ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারানো এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১২ নভেম্বর নির্ধারিত ধুরন্ধর ছবির ট্রেলার লঞ্চ স্থগিত করা হয়েছে। শীঘ্রই নতুন তারিখ ও বিস্তারিত তথ্য জানানো হবে। আপনারা বিষয়টি বোঝার জন্য ধন্যবাদ।’ বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই সিদ্ধান্ত নিয়েছে জিও স্টুডিওস, বি৬২ স্টুডিওস এবং ‘ধুরন্ধর’ টিম।
সোমবার সন্ধ্যায় লালকেল্লার কাছে হওয়া বিস্ফোরণে বহু মানুষের মৃত্যু এবং আহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেন রণবীর। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘গতকাল দিল্লিতে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার খবর শুনে স্তব্ধ। মৃতদের পরিবারদের প্রতি রইল গভীর সমবেদনা।’
‘ধুরন্ধর’-এর ট্রেলার লঞ্চের নতুন তারিখ এখনও ঘোষণা করা হয়নি। ছবিটি প্রযোজনা করেছে জিও স্টুডিওস এবং বি৬২ স্টুডিওস।
প্রয়াত স্যালি কার্কল্যান্ড
অস্কারের জন্য মনোনীত অভিনেত্রী স্যালি কার্কল্যান্ডের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে হলিউডে। ১৯৮৭ সালের ‘আনা’তে অসাধারণ অভিনয়ের জন্য বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছিলেন তিনি। ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান অভিনেত্রী। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে (প্যাসিফিক স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী) ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে তাঁর মৃত্যু হয়।
অক্টোবরে পড়ে গিয়ে পাঁজর এলং পায়ে আঘাত পাওয়ার পর থেকেই তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তাঁর গোফান্ডমি পেজে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি তিনি হাড়ের সংক্রমণে ভুগছিলেন, যা পরে রক্তে ছড়িয়ে পড়ে। পাশাপাশি কিছুদিন ধরে ডিমেনশিয়াতেও আক্রান্ত ছিলেন তিনি।
ছ’দশকের দীর্ঘ কেরিয়ারে স্যালি অভিনয় করেছেন প্রায় ২৫০টিরও বেশি চলচ্চিত্র এবং টেলিভিশন প্রজেক্টে। ‘ফেলিসিটি’, ‘রোজান’, ‘ভ্যালি অব দ্য ডলস’ এবং ‘ডেজ অব আওয়ার লাইভস’এর মতো জনপ্রিয় ধারাবাহিকেও তাঁর উজ্জ্বল উপস্থিতি দর্শকের মনে দাগ কেটেছে।
তাঁর মৃত্যুতে চলচ্চিত্র জগতের সহকর্মী এবং ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বন্ধুকে হারালেন পায়েল
শোকের ছায়া অভিনেত্রী পায়েল ঘোষের জীবনে। তাঁর শৈশবের ঘনিষ্ঠ স্কুলসঙ্গী সুনীতা মিশ্র সোমবার দিল্লির লালকেল্লা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন। পায়েল জানিয়েছেন, এক সপ্তাহ আগেও তিনি সুনীতার সঙ্গে কথা বলেছেন। তাই এই আকস্মিক মৃত্যুর খবর যেন তিনি মেনে নিতে পারছেন না।
এক সাক্ষাৎকারে পায়েল বলেন, “বিশ্বাসই হচ্ছে না যে ও আর নেই… ঠিক এক সপ্তাহ আগেই কথা হয়েছিল আমাদের। ও ছিল একেবারে প্রাণবন্ত, সব সময় হাসিখুশি, চারপাশে ইতিবাচকতা ছড়িয়ে দিত। এত ভাল একটা মানুষ এভাবে চলে যাবে, এটা ভাবতেও কষ্ট হচ্ছে।”
পায়েল আরও যোগ করেন, “সুনীতা শুধু বন্ধু ছিল না, ও আমার পরিবারের সদস্যের মতো ছিল। আমরা একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে স্বপ্ন দেখেছি, হেসেছি, কেঁদেছি। ওকে এভাবে হারানো— এর যন্ত্রণা ভাষায় প্রকাশ করা অসম্ভব।”
