টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
শিবের চরিত্রে রণবীর
পর্দায় যেকোনও চরিত্রকে জীবন্ত করে তুলতে রণবীর সিংয়ের জুড়ি মেলা ভার। তবে এবার তিনি যে চরিত্রে অভিনয় করতে চলেছেন, তা নিয়ে অনুরাগী মহলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। শোনা যাচ্ছে, অমিশ ত্রিপাঠীর জনপ্রিয় কালজয়ী উপন্যাস ‘দ্য ইম্মর্টালস অফ মেলুহা’-নিয়ে বড়পর্দার তৈরি হচ্ছে ছবি, আর সেখানেই শিবের ভূমিকায় দেখা যেতে পারে এই অভিনেতাকে। বেশ কয়েক বছর ধরেই পরিচালক ও প্রযোজকদের নজরে ছিল অমিশ ত্রিপাঠীর এই ‘শিবা ট্রিলজি’। ভারতের পৌরাণিক আখ্যানকে আধুনিক আঙ্গিকে পরিবেশন করার এই প্রচেষ্টা পাঠকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। দীর্ঘ প্রতীক্ষার পর এবার সেই মহাকাব্যিক গল্প বড়পর্দায় আসতে চলেছে। আর সনীলকণ্ঠের চরিত্রের জন্য নির্মাতাদের প্রথম পছন্দ রণবীর সিং।
অভিনয়ে ১৪ পেরোলেন অর্জুন
দেখতে দেখতে মায়ানগরীতে এক দশকেরও বেশি সময় পার করে ফেললেন অভিনেতা অর্জুন কাপুর। বলিউডে তাঁর অভিনয়ের অভিষেকের ১৪ বছর পূর্ণ হল। ২০১২ সালে হাবিব ফয়জলের ‘ইশাকজাদে’ ছবির হাত ধরে রূপোলি পর্দায় অভিষেক ঘটেছিল এই তারকার। সেই ছবিতে ‘পার্মা’র চরিত্রে অভিনয় করে রাতারাতি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। আজ এতগুলো বছর পেরিয়ে এসেও অর্জুনের মনে হয়, সেই যাত্রাটা যেন ক'দিন আগেই শুরু হয়েছিল।সোশ্যাল মিডিয়ায় এই বিশেষ দিনটি উদযাপন করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা। এই ছবিতে অর্জুনের বিপরীতে দেখা গিয়েছিল পরিণীতি চোপড়াকে। ছবিটি ২০০৯-এ মুক্তি পাওয়া বাংলা ছবি 'দুজনে'র রিমেক ছিল।
ছেলেকে নিয়ে আবেগপ্রবণ বিজয়
গত রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়। এদিন তাঁর পাশে চর্চিত প্রেমিকা তৃষা কৃষ্ণানকে দেখা গেলেও দেখা যায়নি স্ত্রী সোনালী ও ছেলে সঞ্জয়কে। এই নিয়ে চর্চার মাঝেই উঠে এল বিজয়ের এক পুরনো সাক্ষাৎকার। যেখানে তিনি জেনেকে নিয়ে আবেগপ্রবণ মন্তব্য করেছিলেন। ২০২২ সালে 'বিস্ট' ছবির প্রচারের সময় এক সাক্ষাৎকারে বিজয়কে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তাঁর ছেলে সঞ্জয় অভিনয়ে আসতে চান কি না। ছেলের কেরিয়ারের সিদ্ধান্তের বিষয়টিকে প্রাধান্য দিয়ে বিজয় জানান, সঞ্জয় যা হতে চান তা বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা তাঁর আছে। সঞ্জয় অভিনেতা হতে চান কি না—এমন প্রশ্নের উত্তরে বিজয় বলেন, "ওর মনে কী আছে সে সম্পর্কে আমার কোনও ধারণাই নেই।" তিনি আরও স্পষ্ট করে জানান যে, তিনি কখনওই তাঁর ছেলেকে অভিনয়ে আসার জন্য কোনও চাপ দেননি।















