বক্স অফিসে সাফল্যের ঝড় তোলার পর রণবীর সিংয়ের ব্লকবাস্টার অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ এবার ওটিটি মুক্তির রণকৌশল নিয়ে খবরের শিরোনামে। সাধারণত থিয়েটারে চলার পর যেকোনো ছবি একটি নির্দিষ্ট ওটিটি প্ল্যাটফর্মেই স্ট্রিম হয়। কিন্তু রণবীরের ছবির ক্ষেত্রে এবার দেখা যেতে চলেছে এক নজিরবিহীন ঘটনা। ছবিটি একই সাথে মুক্তি পেতে চলেছে ওটিটি দুনিয়ার দুই মহারথী— নেটফ্লিক্স এবং জিও-হটস্টার-এ। তবে ভারতীয় ও আন্তর্জাতিক দর্শকদের জন্য থাকছে একটি বড় ‘টুইস্ট’।
জানা গিয়েছে, ভারতীয় দর্শকরা এই হাই-ভোল্টেজ অ্যাকশন ছবিটি একচেটিয়াভাবে শুধুমাত্র জিও-হটস্টার-এ দেখতে পাবেন। অন্যদিকে, ভারতের বাইরে যেমন— আমেরিকা, যুক্তরাজ্য, কানাডা এবং মধ্যপ্রাচ্যের মতো দেশের আন্তর্জাতিক দর্শকরা ছবিটি দেখতে পাবেন নেটফ্লিক্স-এর পর্দায়।
টুইস্ট এখানেই শেষ নয়। নেটফ্লিক্স তাদের আন্তর্জাতিক প্ল্যাটফর্মের জন্য ছবির একটি বিশেষ সংস্করণ প্রিমিয়ার করতে চলেছে, যার নাম দেওয়া হয়েছে “র অ্যান্ড আনদেখা”। ছবির এই বিশেষ সংস্করণে বেশ কিছু বাড়তি দৃশ্য যা বড়পর্দায় দেখা যায়নি এবং তার সঙ্গে আনসেন্সরড অ্যাকশন সিকোয়েন্স থাকবে, যা প্রেক্ষাগৃহে মুক্তির সময় বাদ দেওয়া হয়েছিল। ফলে বিদেশের দর্শকরা ছবির এক সম্পূর্ণ ভিন্ন এবং আরও বেশি রোমাঞ্চকর স্বাদ পেতে চলেছেন।
তা কেন এই দ্বিমুখী কৌশল? ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ছবির ডিস্ট্রিবিউশন এবং গ্লোবাল রিচ বা বিশ্বব্যাপী দর্শকের কাছে পৌঁছানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু ‘ধুরন্ধর ২’ প্রজেক্টটির নেপথ্যে রয়েছে ‘জিও স্টুডিওস’, তাই নির্মাতারা ভারতের অভ্যন্তরীণ স্ট্রিমিং স্বত্ব নিজেদের প্ল্যাটফর্ম অর্থাৎ জিও-হটস্টারের কাছেই সুরক্ষিত রেখেছেন। কিন্তু ভারতের বাইরে জিও-হটস্টারের পরিধি সীমিত হওয়ায়, আন্তর্জাতিক বাজারের দর্শকদের কাছে পৌঁছানোর জন্য বিশ্বস্ত নাম হিসেবে নেটফ্লিক্সকে সঙ্গে নেওয়া হয়েছে।
রণবীর সিংয়ের মারকাটারি অ্যাকশন আর ওটিটি-র এই নতুন স্ট্র্যাটেজি— দুইয়ে মিলে ‘ধুরন্ধর ২’ যে ডিজিটাল প্ল্যাটফর্মেও নতুন রেকর্ড গড়তে চলেছে, তা বলাই বাহুল্য।















