সদ্যই সাতপাকে বাঁধা পড়েছেন রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলি। 'গুড্ডি' ধারাবাহিকের পর্দার প্রেম বাস্তবে গড়িয়েছে। বিয়ের পরপরই দু'জনেই কাজে ফিরেছেন। এবার অনুরাগীদের জন্য এক বিরাট চমক ঘোষণা করল এই তারকা জুটি।
কী ঘটেছে? এদিন রণজয় বিষ্ণু সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন সেখানেই দেখা যাচ্ছে তিনি অভিনেত্রীর চুল আঁচড়ে দিচ্ছেন। মাথা ম্যাসাজ করে দিচ্ছেন। তারপরই দেখা যাচ্ছে শ্যামৌপ্তি ঘরে বসে বই পড়ছেন এবং তাঁর পাশে বসে তাঁকে মুগ্ধ চোখে দেখছেন রণজয় বিষ্ণু। নেপথ্যে বাজছে তাঁদের বিয়ের দিন মুক্তি পাওয়া তাঁদের নতুন মিউজিক ভিডিওর 'মনের শহর' গানটি।
এদিন এই ভিডিওর শেষেই একটি বিশেষ ঘোষণা করেন রণজয় এবং শ্যামৌপ্তি। তাঁরা তাঁদের অনুরাগীদের উদ্দেশ্যে জানান, এই 'মনের শহর' গানটির সঙ্গে তাঁরা যেন রিল বানান। এবং তাতে অবশ্যই এই তারকা যুগলকে ট্যাগ করেন। যাঁরা এই রিল বানানোয় অংশ নেবেন, এবং গানটিকে ট্রেন্ডিং বা ভাইরাল করে তুলবেন তাঁদের মধ্যে সেরা ৩ জনকে বেছে নেবেন। এই তিনজন কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে তাঁরা দেখা করে আড্ডা দেবেন। এমনকী কোল্যাব করবেন। এই ঘোষণার পরই সাড়া পরে গিয়েছে এই তারকার অনুরাগীদের মধ্যে।
https://www.instagram.com/reels/DVVOgZdEaBq/
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, গত ১৪ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েছেন রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলি। দক্ষিণ কলকাতার একটি ব্যাঙ্কোয়েট হলে তাঁদের বিবাহ বাসর বসেছিল। নিকট আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হয় তাঁদের। এই তারকা জুটির বিয়েতে হাজির ছিলেন টলিউডের একাধিক চেনা মুখ।
প্রসঙ্গত, রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলিকে প্রথমবার একসঙ্গে 'গুড্ডি' ধারাবাহিকে দেখা গিয়েছিল। সেখান থেকেই শুরু হয় তাঁদের প্রেম চর্চা। তাঁদের অনস্ক্রিন রসায়ন দর্শকদের এতটাই মনে ধরেছিল যে এই জুটিকে তাঁরা বাস্তবেও একসঙ্গে দেখতে চাইছিলেন। তাঁদের সেই আশা পূর্ণ হয়েছে। রণজয়-শ্যামৌপ্তির পর্দার আলাপ বাস্তবে আলাপ থেকে বন্ধুত্ব, প্রেম এবং দাম্পত্যে গড়িয়েছে।
বিয়ের পরই শ্যামৌপ্তি তাঁর প্রথম ছবি 'ফুল পিসি ও এডওয়ার্ড' -এর ডাবিং সেরেছেন। উইন্ডোজ প্রোডাকশন হাউজের এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় কাজ করেছেন তিনি। অন্যদিকে রণজয় বিষ্ণু নতুন ধারাবাহিক নিয়ে ফিরতে চলেছেন। তাঁর বিপরীতে থাকবেন 'তোমাদের রাণী' ধারাবাহিক খ্যাত নায়িকা অভিকা মালাকার।
