সদ্যই ১৪ ফেব্রুয়ারি ফরএভারের গল্প শুরু করেছেন রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলি। জল্পনায় ইতি টেনে সাত পাকে বাঁধা পড়েছেন 'গুড্ডি' এবং তাঁর স্যারজি। বিয়ের মাস পেরোনোর আগেই দুই তারকা কাজে ফিরেছেন। এবার কোন আপডেট দিলেন?
এদিন সমাজমাধ্যমে রণজয় বিষ্ণু তাঁদের বিয়ের ভিডিও পোস্ট করেন। গায়ে হলুদের হইচই থেকে বিয়ের ঝলক, এবং বিয়ের অনুষ্ঠান শেষে নাচ সবই ধরা পড়েছে এই ভিডিওতে। তবে এই ভিডিওর সঙ্গে যে ক্যাপশন অভিনেতা লিখেছেন সেটা নজর কেড়েছে সকলের।
রণজয় বিষ্ণু এদিন তাঁদের বিয়ের ভিডিও পোস্ট করে লেখেন, 'ফাইনাল ডেস্টিনেশন, ফাইনাল ভিডিও। বহু অপেক্ষার পর, ঈশ্বর অবশেষে আমাদের দুজনের নাম একসঙ্গে লিখলেন। প্রার্থনা থেকে ভাগ্য, ধৈর্য থেকে চিরকালের, আমরা পেরেছি। প্রতিটি প্রেমের গল্প চটজলদি হয় না। কিছু গল্প ধৈর্য ধরে, বিশ্বাসের সঙ্গে এবং পারফেক্ট টাইমিংয়ে লেখা হয়। আজ, আমাদের চিরকালের গল্প শুরু হল।'
এদিন অভিনেতা আরও লেখেন, 'আমি আমার পরিবারের সকল সদস্য, আমার বন্ধু, সিনিয়র, আমার ইন্ডাস্ট্রি, দর্শক, ভক্ত সকলের কাছে কৃতজ্ঞ। আবেগপ্রবণ হয়ে পড়ছি। আমাদের আপনাদের প্রার্থনায় রাখবেন'
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'গুড্ডি' ধারাবাহিকে প্রথমবার একসঙ্গে দেখা যায় শ্যামৌপ্তি মুদলি এবং রণজয় বিষ্ণুকে। তাঁদের অনস্ক্রিন রসায়নে মুগ্ধ হয় দর্শক। আর পর্দার প্রেম গড়ায় বাস্তবে। অবশেষে চলতি বছরের প্রেম দিবসের দিন গাঁটছড়া বাঁধলেন তাঁরা। দক্ষিণ কলকাতার একটি ব্যাঙ্কোয়েট হলে বসেছিল তাঁদের বিবাহ বাসর। নিকট আত্মীয়, পরিবার ছাড়াও টলিউডের একাধিক চেনা মুখ হাজির ছিল তাঁদের বিয়েতে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, বিয়ের পরই কাজে ফিরেছেন শ্যামৌপ্তি। শুরু করেছেন তাঁর আসন্ন ছবি 'ফুল পিসি ও এডওয়ার্ড' -এর ডাবিং। উইন্ডোজ প্রোডাকশন হাউজ প্রযোজিত ছবিটির পরিচালনা করছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। অন্যদিকে শোনা যাচ্ছে রণজয় বিষ্ণু 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকের পর নতুন মেগা নিয়ে আসতে চলেছেন। তিনি এবার জুটি বাঁধবেন 'তোমাদের রাণী' ধারাবাহিকের নায়িকা অভীকা মালাকারের সঙ্গে। স্টার জলসার পর্দায় দেখা যাবে এই ধারাবাহিক। ইতিমধ্যেই নাকি লুক সেট হয়ে গিয়েছে আসন্ন এই ধারাবাহিকের। খুব তাড়াতাড়িই প্রোমো শুটিং হবে। এই প্রথমবার রণজয় ও অভিকাকে জুটি হিসেবে দেখবেন দর্শক। কিন্তু এবার অভিকার সঙ্গে জুটি বেঁধে ঠিক কোন গল্প বলবেন তিনি, তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। তবে ধারাবাহিকের গল্পে যে প্রেমের ছোঁয়া থাকবেই তা তো বলাই বাহুল্য।
