সদ্যই সাতপাকে বাঁধা পড়েছেন রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলি। ১৪ ফেব্রুয়ারি, প্রেম দিবসের দিনই তাঁরা তাঁদের সম্পর্ককে নতুন ধাপে নিয়ে যান। পরিবার, আত্মীয়, বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হয় তাঁদের। সেদিন তাঁদের সিঁদুর দানের পর রণজয় তাঁর বন্ধুদের সঙ্গে নিয়ে শ্যামৌপ্তিকে এক দারুণ চমক উপহার দেন। শাহরুখ খানের ছবির গান 'আ জারা জারা' থেকে শুরু করে 'রাঞ্ঝনা', 'গাল্লা গুড়িয়া', ইত্যাদি গানে নাচ করেন। আর তার ফাঁকেই নববিবাহিতা শ্যামৌপ্তির হাতে পরিয়ে দেন আংটি।
বৃহস্পতিবার সমাজমাধ্যমে বিয়ের পর শ্যামৌপ্তির গৃহপ্রবেশের মুহূর্তের ভিডিও ভাগ করলেন রণজয়। সেই সঙ্গে নতুন বউকে আদুরে ডাকনামও দিলেন। শ্যামৌপ্তির আলতা পায়ের ভিডিও ভাগ করে রণজয় লেখেন, 'আমার উমার গৃহপ্রবেশ.. সাথে আমার পরিবার যদিও এই পরিবার এর আকার দেখে এটি কে একটি আলাদা জেলা ঘোষণা করা উচিৎ। যাইহোক পরবর্তীকালে এক জেলা বন্ধুর ছবি আপলোড হবে। শুধু আমার উমার গৃহপ্রবেশ-এর ভিডিও আমার নেওয়া। কারণ আমি এই কাজটায় পারদর্শী।' (পোস্টের সমস্ত বানান অপরিবর্তিত রাখা হল।)
কিছুদিন আগেও রণজয় বিষ্ণু বিয়ের দিন নাচের চমকের পিছনে থাকা গল্পটাই সকলের সঙ্গে ভাগ করে নিলেন। রিহার্সাল থেকে বিয়ের রাতের নাচের মুহূর্তের ঝলক পোস্ট অভিনেতা এদিন লেখেন, 'লোকে বলে নিজের বিয়েতে নাকি বর মজা করতে পারে না। এদিকে আমি আমার বন্ধুদের সঙ্গে নিয়ে সেই মজা করেছি।' অভিনেতা এদিন আরও জানান তিনি বিয়ের প্রায় ২ মাস আগে থেকে এই চমক প্ল্যান করেছেন শ্যামৌপ্তির জন্য।
রণজয় এদিন তাঁর পোস্টে আরও লেখেন, 'আমার বন্ধুদের সঙ্গে নিয়ে এই সারপ্রাইজ পরিকল্পনা করেছিলাম। আর ওরা যেভাবে আমায় সাপোর্ট করেছে সেটা দুর্দান্ত। সবাই যে যার নিজের কাজ, দুনিয়ায় ব্যস্ত। তাও ওরা আমার জন্য সময় বের করেছে। তোমাদের সবাইকে ভালবাসি।'
বিয়ের রাতে এই পারফরমেন্সের জন্য যে অনেক রিহার্সাল করেছেন অভিনেতারা, সেটা মোটেও নয়। রণজয় নিজেই জানিয়েছেন, 'কেবল একটা রিহার্সাল বিয়ের ২ দিন আগে। তারপর সোজা ভেন্যুতে। আমরা আমাদের আজীবনের জন্য স্মৃতি তৈরি করে নিয়েছি।'
রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলির বিয়েতে এই স্পেশ্যাল পারফরমেন্সের দিন রণজয়ের সঙ্গে পারফর্ম করেন ঐন্দ্রিলা সেন, বিবৃতি চট্টোপাধ্যায়, আলোকবর্ষা বসু, প্রমুখ।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, বিয়ের দিন শ্যামৌপ্তি বেনারসির বদলে একটি লাল শাড়ি এবং ম্যাচিং ব্লাউজ বেছে নেন। সাজও ছিল সাধারণ অথচ আভিজাত্যের ছোঁয়ায় পরিপূর্ণ। অন্যদিকে রণজয় বিষ্ণু সাদা পাঞ্জাবি এবং ধুতি পরেছিলেন। গুড্ডি ধারাবাহিকে তাঁদের প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল। সেখান থেকে আলাপ, বন্ধুত্ব এবং প্রেম। চলতি বছরের প্রেম দিবসে তাঁরা তাঁদের জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। দক্ষিণ কলকাতার একটি ব্যাঙ্কোয়েট হলে বসেছিল তাঁদের বিবাহ বাসর।
