রণজয় বিষ্ণুর ঘর ওয়াপসি ঘটতে চলেছে। 'গুড্ডি' ধারাবাহিকের পর তাঁকে জি বাংলার 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকে দেখা গিয়েছিল। এবার তিনি আবারও আসছেন স্টার জলসার নতুন ধারাবাহিক, 'প্রতিজ্ঞা' -এ।
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে আসন্ন ধারাবাহিক 'প্রতিজ্ঞা' -এর প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে, রণজয়কে এবার আইনজীবীর ভূমিকায় দেখা যাবে। নাম অভিমন্যু শঙ্কর রায়। তার বাগদানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ছোটবেলার প্রেমিকার সঙ্গেই। এই প্রেমিকাকেই সে এক সময় সিঁদুর পরিয়ে আজীবন একসঙ্গে থাকার, খেয়াল রাখার কথা দিয়েছিল। স্ত্রী বলে মনে নিয়েছিল। কিন্তু বাগদানের অনুষ্ঠানে এসে আংটি বদল না করেই বেরিয়ে যায়। এমনকী প্রেমিকা যখন তার দিকে এগিয়ে আসে, সে যেন অন্য কেউ এমন ভাব করে সেখান থেকে সরে যায় অভিমুন্য। একই সঙ্গে জানিয়ে দেয়, সে তার পরী নয়। বাইরে এসে কান্নায় ভেঙে পড়ে ঈশ্বরকে বলে তার হারানো প্রেমকে ফিরিয়ে দিতে।
এরপরই প্রোমোতে দেখা যাচ্ছে ছুটি মন্দিরে গিয়ে ঈশ্বরকে মনের কথা জানাচ্ছে। এরপরই তাকে বলতে দেখা যায়, এই দিনেই সে সব হারিয়েছিল, আবার এই দিনেই তার নতুন জন্ম হয়েছিল। বৃষ্টির মধ্যে নেচে নেচে সে আশ্রমের বাচ্চাদের তার জীবনের গল্প বলতে থাকে। আর সেটা শুনতে পায় অভিমন্যু। বোঝে এই সেই পরী, অর্থাৎ তার হারানো প্রেমিকা। ছোটবেলায় করা 'প্রতিজ্ঞা' কি সে রাখতে পারবে? ফিরে পাবে ছোটবেলার প্রেমকে? নাকি আবারও হারিয়ে ফেলবে? উত্তর ধারাবাহিক দেখলে বোঝা যাবে।
আজকাল ডট ইনের তরফে আগেই জানানো হয়েছিল যে রণজয় ছোটপর্দায় ফিরতে চলেছেন। শোনা গিয়েছিল তাঁর বিপরীতে থাকবেন অভিকা মালাকার। সেটাই কি বাস্তবে ঘটল? হ্যাঁ, আসল পরী তথা ছুটির ভূমিকায় দেখা যাবে অভিকাকেই। অন্যদিকে নকল পরীর ভূমিকায় থাকবেন স্বপ্নীলা চক্রবর্তী, অর্থাৎ 'মিঠিঝোরা' ধারাবাহিকের স্রোত। এখনও পর্যন্ত এই ধারাবাহিকের শুরুর দিন বা স্লট ঘোষণা করা হয়নি।
প্রোমো প্রকাশ্যে আসার পর দর্শক জানিয়েছে তারা মুখিয়ে আছে এই ধারাবাহিকের জন্য। কেউ কেউ আবার এটিকে রাত সাড়ে ৮ টার স্লটে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। কেউ আবার বলেছেন, অভিকার থেকে স্বপ্নীলাকেই নায়িকা হিসেবে বেশি মানাত। পর্দায় রণজয় এবং অভিকার অনস্ক্রিন রোম্যান্স কতটা জমে এখন সেটাই দেখার।
