স্টার জলসায় সদ্য শুরু হয়েছে ধারাবাহিক 'প্রতিজ্ঞা'। মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে রণজয় বিষ্ণু ও অভীকা মালাকারকে। এই মেগা শুরুর আগে থেকেই জুটিকে নিয়ে দারুণ জনপ্রিয়তা ছড়িয়েছিল দর্শক মহলে। এবার ভাইরাল ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে হারিয়ে যাওয়া পরীকে খুঁজে পেয়েছে তার বাড়ির লোক। কিন্তু অভি বুঝতে পারে যে তার আসল পরী ফিরে আসেনি। যে ফিরেছে সে নকল।

এদিকে আসল পরী এখনও বাড়ির সবার থেকে আলাদা। তাকে এখন সবাই ছুটি নামে চেনে। ছুটির সঙ্গে একটু একটু করে ঘনিষ্ঠতা বাড়ছে অভির। সম্প্রতি সামনে আসা প্রোমোতে দেখা যাচ্ছে, ছুটিকে বিয়ে করে বাড়িতে এনেছে অভি। এদিকে, নকল পরীর সঙ্গে তার বাগদানের আয়োজন হচ্ছে। নকল পরী ভাবে এরপর থেকে সম্পত্তি আর অভির উপর অধিকার সবই তার হবে। কিন্তু তার সমস্ত পরিকল্পনা বানচাল করে ছুটিকে স্ত্রীর পরিচয় দেয় অভি। বাড়ির কেউ তাকে মেনে নেয় না। অভি প্রতিবাদ করতে গেলে ছুটি তাকে বাধা দেয়। কী হবে অভি ও ছুটির ভবিষ্যৎ? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে। মেগায় অভীকা ও রণজয়ের বিয়ের লুক সামনে আসায় দারুণ উত্তেজিত তাঁদের অনুরাগীরা।
কিছুদিন আগেই গল্পে দেখানো হয়, ছুটি একা একটা মন্দিরে গিয়ে সে প্রার্থনা করে যাতে তাকে ঘরে ফিরিয়ে দেয় ভগবান। কিন্তু এর মধ্যেই কয়েকজন গুণ্ডা এসে পরীকে ঘিরে ধরে। তাকে বিপদে দেখে দেবদূতের মতো ছুটে আসে অভি। সে এসে গুণ্ডাদের শায়েস্তা করে। আর পরীকে বাইকে টিশার্টের দিয়ে বেঁধে নেয়। এই দৃশ্যই এখন ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। আসলে নেটিজেনদের এই দৃশ্যের সঙ্গে মিল খুঁজে পেয়েছিলেন বলিউডের অন্যতম 'সুপার হিট' ছবি 'সাইয়ারা'র। সেখানেও অহন পাণ্ডে ও অনিত পাড্ডাকে এমনই দৃশ্যে দেখা গিয়েছিল। এই দৃশ্যও ব্যাপক সাড়া ফেলেছিল দর্শক মহলে।















