১৪ ফেব্রুয়ারি চারহাত এক হয়েছে রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির। বিয়ের ক'দিন কাটতে না কাটতেই কাজে ফিরেছিলেন শ্যামৌপ্তি। উইন্ডোজের প্রযোজনায় 'ফুলপিসি ও এবংওয়ার্ড' ছবির ডাবিং সেরেছেন তিনি। এবার পালা রণজয়ের। শোনা যাচ্ছে, তিনিও এবার কাজে ফিরতে চলেছেন। টলিপাড়ার অন্দরের খবর এবার নাকি স্টার জলসার সঙ্গে কথা এগিয়েছে তাঁর। কিন্তু রণজয়ের বিপরীতে থাকবেন কোন নায়িকা?

 

সেই খবরও ইতিমধ্যেই কানাঘুষো শোনা যাচ্ছে। জানা যাচ্ছে, এবার হয়তো 'তোমাদের রাণী' খ্যাত অভিকা মালাকারের সঙ্গে জুটি বাঁধছেন রণজয়। ইতিমধ্যেই নাকি লুক সেট হয়ে গিয়েছে আসন্ন এই ধারাবাহিকের। খুব তাড়াতাড়িই প্রোমো শুটিং হবে। এই প্রথমবার রণজয় ও অভিকাকে জুটি হিসেবে দেখবেন দর্শক। অভিকা স্টার জলসার ধারাবাহিক 'তোমাদের রাণী'র মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন দর্শক মহলে। এমনকী এই ধারাবাহিকের হিন্দি রিমেকের মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তারপর আর ছোটপর্দায় দেখা যায়নি তাঁকে। বরং কিছুদিন আগেই বড়পর্দায় কাজ করেছেন অভিকা‌। রাজ চক্রবর্তীর 'হোক কলরব'-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। 

অন্যদিকে রণজয়ের হাতেও রয়েছে একগুচ্ছ ছবির কাজ‌। এর মধ্যেই ছোটপর্দায় ফিরছেন অভিনেতা। তাঁকে দর্শক শেষবার দেখেছিলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যর সঙ্গে 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকে। তারপর বেশ কিছুদিনের বিরতি কাটিয়ে আবারও টেলিভিশনের পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন রণজয়। কিন্তু এবার অভিকার সঙ্গে জুটি বেঁধে ঠিক কোন গল্প বলবেন তিনি, তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। তবে ধারাবাহিকের গল্পে যে প্রেমের ছোঁয়া থাকবেই তা তো বলাই বাহুল্য। 

 

প্রসঙ্গত, স্টার জলসায় 'গুড্ডি' ধারাবাহিকের হাত ধরে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন রণজয়। এই মেগাতে কাজ করতে গিয়েই শ্যামৌপ্তির সঙ্গে আলাপ হয় অভিনেতার। বন্ধুত্ব থেকে প্রেম তারপর সাতপাকে বাঁধা। এরপর জি বাংলায় ফিরেছিলেন তিনি। অন্যদিকে অভিকাও স্টার জলসার ধারাবাহিক থেকেই পরিচিতি পান। তাই দুই নায়ক-নায়িকার আবারও স্টার জলসায় ফেরার খবরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তাঁদের অনুরাগীরা।