বাবা হলেন রণদীপ হুডা। অভিনেতা তাঁর বাবার জন্মদিনের দিনই পিতৃত্বের সুখ পেলেন। রণদীপ এবং লিনের ছেলে হল না মেয়ে? সুখবর দিয়ে অভিনেতা জানালেন তাঁদের মেয়ে হয়েছে। অর্থাৎ দাদু এবং নাতনির জন্মদিন এক হল।
মঙ্গলবার, ১০ মার্চ বাবা হলেন রণদীপ হুডা। শুধু তাই নয়, পোস্ট করলেন একরত্তির ছবিও। এদিন অভিনেতা যে ছবি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তাঁর বাবার কোলে রয়েছে তাঁদের সন্তান। তোয়ালে মোড়ানো, মাথায় টুপি পরা। আর দ্বিতীয় ছবিটিতে দেখা যাচ্ছে খুদের মুষ্ঠিবদ্ধ হাত।
এই ছবি দু'টো এদিন পোস্ট করে রণদীপ হুডা লেখেন, 'দাদা আর নাতনিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আজ আমি বাবা হলাম। আর বাবা হতেই তোমার জন্য আমার ভালবাসা, অনুরাগ আরও গভীর হল বাবা।' একই সঙ্গে তিনি এদিন তাঁর স্ত্রী তথা অভিনেত্রী লিনের জন্যও বিশেষ বার্তা দেন। লেখেন, 'সবথেকে গুরুত্বপূর্ণ, লিন তুমি আমায় পিতৃত্বের সুখ দিলে, এবং আমাদের সন্তানকে এই পৃথিবীতে নিয়ে এলে যে তার জন্য ধন্যবাদ।'
রণদীপ হুডা এদিন সন্তান আসার কথা জানাতেই তাঁকে শুভেচ্ছায় ভরিয়েছেন অনুরাগীরা। সম্প্রতি তাঁরা তাঁদের ম্যাটারনিটি শুটের ছবি পোস্ট করেছিলেন।
প্রসঙ্গত, বলিউড অভিনেতা রণদীপ হুডা এবং তাঁর স্ত্রী অভিনেত্রী তথা উদ্যোগপতি লিন লাইশরাম তাঁদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে সন্তান আসতে চলেছে যে, সেই সুখবর দেন। জানান, বাবা-মা হতে চলেছেন তাঁরা। রণদীপ এবং লিন তাঁদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে, দু'জনই বেইজ রঙের পোশাকে সেজে এক শান্ত জঙ্গলের মাঝে ক্যাম্প ফায়ারের পাশে বসে আছেন এবং ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন। ছবিটি তাঁদের প্রকৃতির প্রতি ভালবাসার এবং এক শান্ত, স্বাভাবিক জীবনযাত্রার ইঙ্গিত দেয়। ক্যাপশনে তাঁরা লিখেছেন, 'দু'বছরের ভালবাসা, অ্যাডভেঞ্চার, আর এবার...এক ওয়াইল্ড ওয়াল আসার পথে।'
রণদীপ ও লিনের সম্পর্ক শুরু হয়েছিল নাসিরুদ্দিন শাহের থিয়েটার গ্রুপ 'মোটলি'-তে। সেখানে বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। দীর্ঘদিনের সম্পর্ককে পরিণতি দিতে তাঁরা ২০২৩ সালের ২৯ নভেম্বর। মণিপুরে ঐতিহ্যবাহী মেইতেই প্রথা মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। হরিয়ানার জাঠ রণদীপ তাঁর স্ত্রী লিনের সংস্কৃতির প্রতি সম্মান জানাতে সম্পূর্ণ মণিপুরী রীতিনীতি ও পোশাকে সেজেছিলেন। তাঁদের সেই অন্তরঙ্গ বিবাহ অনুষ্ঠানটি ছিল সংস্কৃতি ও ভালবাসার এক সুন্দর মেলবন্ধন। মণিপুরে বিয়ের পর তাঁরা মুম্বইয়ে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য একটি জমকালো সংবর্ধনারও আয়োজন করেছিলেন।
