সম্প্রতি মুম্বইয়ের বান্দ্রায় একটি হাসপাতালের বাইরে দেখা মিলল তারকা দম্পতি রণবীর কাপুর এবং আলিয়া ভাটের। চোখ দেখাতে এসেছিলেন তাঁরা। সোমবার দু'জনেই বেছে নিয়েছিলেন অত্যন্ত ক্যাজুয়াল এবং আরামদায়ক পোশাক।

আলিয়াকে দেখা যায় সাদা কলার দেওয়া নীল ও সাদা স্ট্রাইপযুক্ত একটি পোলো টি-শার্টের সঙ্গে হালকা নীল রঙের ডেনিম জিন্সে। অভিনেত্রীর চোখে ছিল গাঢ় রঙের সানগ্লাস। অন্যদিকে, রণবীর পরেছিলেন একটি ঢিলেঢালা বেজ রঙের বাটন-ডাউন শার্ট এবং গাঢ় ধূসর রঙের কার্গো প্যান্ট। মাথায় টুপি এবং চোখে স্পোর্টি টিন্টেড সানগ্লাস। হাসপাতাল থেকে বেরনোর সময় তাঁরা পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হন।

তবে রণবীর না আলিয়া, কে এসেছিলেন চোখ দেখাতে তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। শুটিং করতে গিয়ে তাঁদের কারওর চোখে কোনও আঘাত লেগেছে কিনা, নাকি স্রেফ রুটিন চেকআপ করতে এসেছিলেন তাঁরা, তা যদিও স্পষ্ট নয়। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রণবীর-আলিয়া হাসপাতালে গিয়েছেন মানে তাঁদের কি দ্বিতীয় সন্তান আসছে? এক্ষেত্রে নেটিজেনদের চোখ এড়িয়ে গিয়েছে যে তাঁরা চোখের হাসপাতালে এসেছিলেন।

প্রসঙ্গত, দুই তারকার হাতেই এখন একাধিক বড় প্রজেক্ট রয়েছে। আলিয়া ভাটকে সম্প্রতি দেখা গিয়েছে অ্যাকশন থ্রিলার ছবি ‘আলফা’য়, যেখানে তাঁর বিপরীতে রয়েছেন শর্বরী ওয়াঘ, অনিল কাপুর এবং ববি দেওল। অন্যদিকে, রণবীর কাপুরকে খুব শীঘ্রই দেখা যাবে বহু প্রতীক্ষিত মহাকাব্যিক ছবি ‘রামায়ণ’-এ, যা এই দীপাবলিতেই মুক্তি পেতে চলেছে। এছাড়া, অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সঞ্জয় লীলা বনশালির পরবর্তী ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর জন্য, যেখানে রণবীর ও আলিয়াকে আবারও একসঙ্গে দেখা যাবে। এই ছবিতে তাঁদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ভিকি কৌশল।