রকুল প্রীত সিং এবং জ্যাকি ভাগনানিকে নিয়ে সম্প্রতি বেশ চর্চা চলছে। কিছুদিন আগেই জ্যাকি তাঁদের বিবাহিত জীবনকে মজার ছলে 'সিচুয়েশনশিপ' বলে উল্লেখ করায় সমাজমাধ্যমে শোরগোল পড়ে গিয়েছিল। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সম্পর্কে 'প্রতারণা' নিয়ে মুখ খুললেন রকুল।

সম্প্রতি ইউটিউবে 'দ্য বম্বে জার্নি' নামে একটি শো-তে সারা আলি খান এবং আয়ুষ্মান খুরানার সঙ্গে হাজির হয়েছিলেন রকুল প্রীত। সেখানেই সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করার সময় প্রতারণার প্রসঙ্গটি উঠে আসে। তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছিল, সম্পর্কে কি কখনও প্রতারণা বা তৃতীয় ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়ে পড়াকে মেনে নেওয়া যায়?

উত্তরে রকুল সরাসরি ‘না’ বলে দেন। তাঁর সঙ্গে একমত হয়ে সারা বলেন, এই ধরনের ভুলের পর বড়জোর ক্ষমা চাওয়া যেতে পারে, তবে এটি কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তবে আয়ুষ্মান কিছুটা ভিন্ন দৃষ্টিকোণ তুলে ধরেন। তিনি কথায়, বিয়ের নিজস্ব কিছু নিয়ম থাকে। কিন্তু কেউ যদি মন থেকে নিজের ভুলের জন্য অনুতপ্ত হয় এবং আন্তরিকভাবে ক্ষমা চায়, তবে তাকে ক্ষমা কেন করা যাবে না?

আয়ুষ্মানের এই মন্তব্যের পর রকুল তাঁর আগের অবস্থানে কিছুটা নমনীয় হয়ে বলেন, "আসলে দেখতে হবে বিষয়টি কতদূর গড়িয়েছে। প্রতারণা যদি কারও অভ্যাসে পরিণত হয়, তবে তা মেনে নেওয়া সম্ভব নয়।" এরপর সারা যখন তাঁকে ফের প্রশ্ন করেন যে মাত্র একবারের ভুলও কি মেনে নেওয়া যায়? রকুল জবাব দেন, তিনি ব্যক্তিগতভাবে এটি পছন্দ করেন না। তবে জীবনটা অনেক বড়, তাই একটিমাত্র ভুলের জন্য কাউকে সারাজীবন ক্ষমা না করে থাকাও কঠিন। মানুষ তো ভুল করতেই পারে, আর কেউ যদি সত্যিই অনুতপ্ত হয়, তবে তাকে ক্ষমা করাই যায়। ‘দে দে প্যায়ার দে’-র অভিনেত্রী আরও যোগ করেন, কাউকে ক্ষমা করলে সেই অতীতের ভুলকেও পুরোপুরি ভুলে যেতে হবে। অবশ্য মজার ছলে তিনি এটিও স্পষ্ট করে দেন যে, এই মন্তব্যটি তাঁর নিজের ব্যক্তিগত জীবনের সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

এর আগে জ্যাকি তাঁদের বিয়েকে 'সিচুয়েশনশিপ' বলায় যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, তা নিয়েও একটি মজার ভিডিওর মাধ্যমে স্পষ্ট ব্যাখ্যা দেন রাকুল। ভিডিওতে দেখা যায়, তিনি জ্যাকিকে কান ধরিয়ে বলছেন যে তাঁরা 'মিলেনিয়াল' প্রজন্মের মানুষ, জোর করে 'জেন জি' হওয়ার কোনও প্রয়োজন নেই। জ্যাকিও হেসে নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন।

সম্প্রতি রকুল প্রীত সিং-এর 'পতি পত্নী অউর ওহ দো'  ছবিটি মুক্তি পেয়েছে। যেখানে তাঁর সঙ্গে সারা আলি খান এবং আয়ুষ্মান খুরানাও অভিনয় করেছেন। ছবিতে বক্সঅফিসে বেশ ভালই সাড়া পাচ্ছে।