সোশ্যাল মিডিয়া থেকে একে অপরকে আনফলো করাকে কেন্দ্র করে প্রিন্স নারুলা ও যুবিকা চৌধুরীর বৈবাহিক সম্পর্ক নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। এই ঘটনাকে ঘিরেই এবার মুখ খুলেছেন বলিউডের 'কনট্রোভার্সি কুইন' রাখি সাওয়ান্ত। তবে রাখি দম্পতির পাশে না দাঁড়িয়ে বরং তাঁদের এই কাজকে স্রেফ ‘পাবলিসিটি স্টান্ট’ বলে তোপ দাগলেন।
সোশ্যাল মিডিয়ায় প্রিন্স ও যুবিকার আনফলো করার বিষয়টি প্রকাশ্যে আসার পরই নেটিজেনদের মধ্যে নানা কানাঘুষো শুরু হয়। অনেকে মনে করছেন, এই জুটির সম্পর্কে ফাটল ধরেছে। এই পরিস্থিতিতে রাখি সাওয়ান্ত সোশ্যাল মিডিয়ায় এক মন্তব্যে সরাসরি তাঁদের আক্রমণ করে লিখেছেন, "শুধুমাত্র প্রচারের আলোয় থাকার জন্য এই নাটকটা করা দয়া করে বন্ধ করুন। আপনারা বিবাহিত, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। কিন্তু শুধু ভাইরাল হওয়ার জন্য বিবাহবিচ্ছেদের এই নাটক করবেন না। আপনাদের দেখে ঘেন্না হচ্ছে।"
প্রসঙ্গত, প্রিন্স এবং যুবিকার প্রেম শুরু হয়েছিল 'বিগ বস ৯'-এর সেট থেকে। এরপর ২০১৮ সালে তাঁরা বিয়ে করেন। গত বছর তাঁদের কন্যাসন্তান একলিনের জন্ম হয়। এর আগেও তাঁদের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন উঠেছিল, তবে যুবিকা জানিয়েছিলেন যে এইসব খবর ভিত্তিহীন। মূলত প্রিন্স কাজের সূত্রে ব্যস্ত থাকায় এবং নিজেদের কিছু ব্যক্তিগত কারণে তাঁরা কিছুটা সময় আলাদা ছিলেন, কিন্তু তা নিয়ে বিভ্রান্তি তৈরি করা ঠিক নয়।
এবার নতুন করে আনফলো করার বিষয়টি সামনে আসতেই রাখি সাওয়ান্তের এই কঠোর মন্তব্য বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। তবে প্রিন্স বা যুবিকা কেউই এখনও পর্যন্ত রাখির এই মন্তব্যের কোনও পাল্টা প্রতিক্রিয়া দেননি। নেটপাড়ায় এখন একটাই প্রশ্ন সত্যিই কি তাঁদের সম্পর্কে কোনও সমস্যা রয়েছে, নাকি রাখি সাওয়ান্তের দাবি অনুযায়ী এটি সত্যিই স্রেফ প্রচারের আলোয় আসার কৌশল?















