বলিউডের প্রথম সারির তথা জনপ্রিয় পরিচালক রাজকুমার হিরানি। যিনি ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘৩ ইডিয়টস’ এবং ‘পিকে’-র মতো ব্লকবাস্টার ও হৃদয়স্পর্শী সিনেমা উপহার দিয়েছেন, তিনি এবার পা রাখতে চলেছেন ওটিটি অর্থাৎ স্ট্রিমিং দুনিয়ায়। ‘জিওহটস্টার’-এর সঙ্গে হাত মিলিয়ে হিরানি নিয়ে আসছেন ওটিটি প্ল্যাটফর্মে ওঁর জীবনের প্রথম লং-ফরম্যাট সিরিজ ‘প্রীতম অ্যান্ড পেড্রো’। আজ, ১৯ মে ছবিটির প্রথম ঝলক ও মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।মজা, আবেগ এবং মানবিক সম্পর্কের মেলবন্ধনে গল্প বলায় ওস্তাদ রাজকুমার হিরানির এই সিরিজটি আগামী ৩ জুলাই, ২০২৬ থেকে দেখা যাবে জিওহটস্টারে।

 

ঘোষণার সঙ্গে সঙ্গেই সিরিজটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় কৌতূহল তৈরি হয়েছে। জানা গিয়েছে, ‘প্রীতম অ্যান্ড পেড্রো’ সিরিজটির পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত খ্যাতনামা পরিচালক অবিনাশ অরুণ। সিরিজের গল্পটি একটি অত্যন্ত অদ্ভুত ও চমকপ্রদ ক্লু দিয়ে শুরু হয়— একটি নির্জন সমুদ্রসৈকতে পড়ে থাকা একটি পরিত্যক্ত এটিএম মেশিন, আর তার পাশে দাঁড়িয়ে থাকা সম্পূর্ণ ভিন্ন মানসিকতার দুই ব্যক্তি। এই অদ্ভুত পরিস্থিতির পেছনে লুকিয়ে থাকা রহস্য এবং এক চিলতে উন্মাদনা নিয়েই তৈরি হয়েছে এই কমেডি-ড্রামা।

 

নিজের এই ওটিটি ডেবিউ নিয়ে উচ্ছ্বসিত রাজকুমার হিরানি বলেন, “আমি সবসময় এমন ধরনের গল্প বলতে পছন্দ করি, যেখানে সম্পূর্ণ আলাদা স্বভাবের দুজন মানুষকে পরিস্থিতি একসঙ্গে নিয়ে আসে এবং তারা অপ্রত্যাশিত উপায়ে জীবনের মুখোমুখি হয়। ‘প্রীতম অ্যান্ড পেড্রো’র মধ্যেও প্রচুর হিউমার, মায়া এবং এক ধরনের পাগলামি রয়েছে। সিনেমার তুলনায় লং-ফরম্যাট বা সিরিজ প্ল্যাটফর্ম আমাদের চরিত্রগুলোর সঙ্গে আরও বেশি সময় কাটানোর এবং তাদের সফরটাকে বিস্তারিতভাবে অন্বেষণ করার সুযোগ করে দিয়েছে। কেরিয়ারের এই নতুন অভিজ্ঞতা নিয়ে আমি দারুণ উত্তেজিত এবং জিওহটস্টারের সঙ্গে এই পার্টনারশিপে আমি যারপরনাই খুশি।”

জিওস্টার -এর হিন্দি ও ইংরেজি বিনোদন ব্যবসার প্রধান আলোক জৈন এই প্রজেক্ট নিয়ে বলেন, “আমরা জিওহটস্টারে এমন গল্পে বিশ্বাস করি যা মাটির কাছাকাছি থেকেও সার্বজনীন বিনোদন জোগাতে পারে। হাসি, কান্না ও মানবিক অনুভূতির গল্প সবসময়ই দর্শকদের হৃদয়ের কাছাকাছি থাকে। আর রাজকুমার হিরানির চেয়ে ভালো এই ঘরানার গল্প আর কেই বা বলতে পারেন! ওঁর এই ডিজিটাল ডেবিউ ভারতের ওটিটি বিনোদনকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে।”

 

ইতিমধ্যেই নির্মাতাদেরপক্ষ থেকে সামাজিক মাধ্যমে ছবিটির ফার্স্ট লুক পোস্টার শেয়ার করা হয়েছে, যা প্রকাশ্যে আসামাত্রই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। তাই যদি আপনিও রাজকুমার হিরানি ঘরানার নিখাদ বিনোদন পছন্দ করেন, তবে আগামী ৩ জুলাই ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন!