সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়ে দর্শক মহলে উত্তেজনা তুঙ্গে। আগেই জানা গিয়েছিল 'দাদা'র চরিত্রে দেখা যাবে অভিনেতা রাজকুমার রাওকে। আর রাজকুমারের বিপরীতে ডোনা গাঙ্গুলির চরিত্রে থাকবেন অভিনেত্রী তানিয়া মানিকতলা। এবার খবর, সৌরভ গাঙ্গুলির দাদা স্নেহাশিস গাঙ্গুলির চরিত্রে দেখা যাবে এক টলি অভিনেতাকে। 

জানা যাচ্ছে, এই চরিত্রের জন্য নির্মাতারা বেছে নিয়েছেন অভিনেতা রাহুল দেব বসুকে। ইতিমধ্যেই মুম্বইয়ে রয়েছেন তিনি। যোগ দিয়েছেন শুটিংয়ে। সৌরভ গাঙ্গুলির মায়ের চরিত্রে দেখা যেতে চলেছে অপরাজিতা আঢ্যকে। এছাড়াও বিভিন্ন চরিত্রের জন্য উঠে আসছে বিভিন্ন তারকাদের নাম। রাহুল দেব বসুর এই চরিত্রটি তাঁর কেরিয়ারের বড় মোড় হতে চলেছে তা বলাই যায়।

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সৌরভ গাঙ্গুলির বায়োপিকের শুটিং। কখনও আয়ুষ্মান খুরানা, কখনও রণবীর কাপুর, তো কখনও অন্য কারও নাম নিয়ে জল্পনা চলেছে। অবশেষে দাদার চরিত্রে ধরা দিতে চলেছেন রাজকুমার রাও। কলকাতায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে এসে কদিন থেকে, তাঁকে কাছ থেকে পর্যবেক্ষণ করে গিয়েছেন। এবার পালা অভিনয়ের।

 

সৌরভের বায়োপিকের নাম রাখা হয়েছে 'দাদা: দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি'। জানা গিয়েছে এই ছবিতে একাধিক বাঙালি অভিনেতা, অভিনেত্রীকে দেখা যাবে। সৌরভের বাবা, চণ্ডি গাঙ্গুলির চরিত্রে বোমান ইরানিকে দেখা যাবে। প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার চরিত্রে থাকবেন অভিনেতা গজরাজ রাও। 

ছবিটির পরিচালনা করবেন বিক্রমাদিত্য মোতওয়ানে। লাভ ফিল্মস এবং ডিবিএল ছবিটির প্রযোজনা করছে।