সৌম্যভ ব্যানার্জির পরিচালনায় তৈরি হয়েছিল একটা থ্রিলার ছবি, নাম 'অটোবি'। প্রযোজনায় ডিকে ভারতী ও সিদ্ধি বিনায়ক ক্রিয়েশন। মুখ্য চরিত্রে দেখা যাবে মধুমিতা সরকার, ইনায়া চৌধুরী, সাহেব চ্যাটার্জি, রাহুল অরুণোদয় ব্যানার্জি ও আরিয়ান ভৌমিক। হ্যাঁ, রাহুল অকালমৃত্যুর আগে এই ছবির কাজ করছিলেন।
ছবির শুটিং শেষ হলেও ডাবিং হয়নি তখনও। এর মধ্যেই স্টার জলসার ধারাবাহিক 'ভোলেবাবা পার করেগা'র আউটডোর শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল। রাহুলের অসমাপ্ত 'অটোবি' ছবির কাজ এবার শেষ করলেন অভিনেতা সুজন নীল মুখার্জি। ছবিতে রাহুলের চরিত্রের ডাবিং করলেন নীল।
নীলের কথায়, "যেন বৃত্ত সম্পন্ন হল।" আজকাল ডট ইন-কে অভিনেতা বলেন, "রাজ (চক্রবর্তী)-এর পরিচালনায় চিরদিনই তুমি যে আমার ছবিতে রাহুলের কণ্ঠ দিয়েছিলাম আমিই। মাঝে ভালবাসা জিন্দাবাদ নামের একটা ছবিতে ও হিরো ছিল, ওই ছবিতেও আমার গলা ছিল ওর চরিত্রটার। রাহুলের প্রথম ডেবিউ ছবি, আর শেষ অভিনীত ছবি দুটোতেই ওর চরিত্রে আমার কণ্ঠ; যেন কোথাও গিয়ে একটা বৃত্ত সম্পূর্ণ হল।"
নীল আরও বলেন, "আমার আর রাহুলের সম্পর্কটা এভাবেই যেন মিলে গেল। ওকে হারানোর কষ্টটা তো কোনওদিন ভুলতে পারব না, কিন্তু এই কাজটা আবার যে আমাদের মিলিয়ে দিল তার জন্য মনটা শান্তি লাগছে। রাহুল যখনই চিরদিনই-র জন্য কোনও পুরস্কার পেত, আমায় বলত এর অর্ধেকটা নাকি আমার প্রাপ্য। আমি কোনওদিনও ওর কথায় সায় দিইনি, ওর সম্মানটা ওরই।"
নীল বলেন, "আজ আমি এপারে, ও ওপারে। যখন আমি থাকব না তখনও আমার আর রাহুলের কাজগুলো এভাবেই মিলেমিশে থেকে যাবে।"















