২৯ মার্চ না ফেরার দেশে পাড়ি দিয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তালসারিতে 'ভোলেবাবা পার কারেগা'র শুটিং করতে গিয়ে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয় অভিনেতার। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকাচ্ছন্ন পরিবার-পরিজন সহ গোটা টলিউড ইন্ডাস্ট্রি। প্রিয় অভিনেতার মৃত্যু মেনে নিতে পারছে না দর্শকমহল। আর এই শোকের মাঝে একটি বিষয়ে ঘুরে ফিরে আসছে। রাহুল অভিনীত ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের ভবিষ্যৎ কী? রাহুলকে ছাড়াই কি এগোবে গল্প নাকি বন্ধ হয়ে যাবে স্টার জলসার এই ধারাবাহিক? আবার অন্য কোনও অভিনেতা রাহুলের জায়গা নেবে কিনা তা নিয়েও জল্পনা শুরু হয়েছে।
রাহুলের অকালপ্রয়াণে স্তম্ভিত ভক্তরা। প্রয়াত অভিনেতার জায়গায় বিকল্প কাউকে দেখতে চান না, সমাজমাধ্যমে এমনটা লিখেছেন অনেক অনুরাগী। এরই মাঝে শোনা যাচ্ছে, রাহুলের শেষ দৃশ্যের বিকল্প হতে পারে এআই। তবে কি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে শুটিংয়ের পরবর্তী পরিকল্পনা করা হচ্ছে?
এপ্রসঙ্গে 'ভোলেবাবা পার কারেগা' ধারাবাহিকের পরিচালক শুভাশিস মণ্ডল আজকাল ডট ইন-কে বলেন, "এখনই বিষয়টি নিয়ে কিছু বলতে পারব না। কারণ তদন্তের আওতাধীন। তদন্ত শেষ না হলে গোটা বিষয়ে কিছু জানাতে পারব না।"
ধারাবাহিক ছাড়াও রাহুলের আরও অনেক অসাপ্ত কাজ রয়েছে। অভিনেতার বেশ কয়েকটি ছবির শুটিং শেষ হলেও মুক্তির অপেক্ষা রয়েছে। আবার ডাবিং বাকি রয়েছে কিছু ছবির। কোথাও শুটিং শুরুর কথা ছিল, কোথাও চলছিল শুটিং। যার মধ্যে রয়েছে সৌরভ পালোধীর সঙ্গে জনপ্রিয় নাটক ‘যে জানালাগুলোর আকাশ ছিল’। আগামী ২১ এপ্রিল ওই নাটকের শো রয়েছে। সেই অসমাপ্ত কাজ নিয়ে সংশয় তৈরি হয়েছে।
প্রসঙ্গত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দুই দশকের বেশি সময় ধরে টলিউডে কাজ করছেন। ছোটপর্দা থেকে বড়পর্দায়, ওয়েব দুনিয়ায় ছিল তাঁর অবাধ যাতায়াত। বর্তমানে তাঁকে দর্শকরা 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকে দেখতে পাচ্ছিলেন। তাঁর এবং শ্বেতা মিশ্রর রসায়ন দর্শকদের নজর কেড়েছিল। টিআরপিতেও তার ফল দেখা যাচ্ছিল। এছাড়া তাঁকে দর্শক সদ্যই 'ঠাকুমার ঝুলি' সিরিজে দেখেছেন। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে হইচই প্ল্যাটফর্মের এই সিরিজে তিনি ছিলেন। অভিনয় করেছিলেন দারোগার চরিত্রে। অভিনয় ছাড়া রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় 'সহজ কথা' নামক একটি পডকাস্ট শো সঞ্চালনা করতেন।














