অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির রহস্যমৃত্যুর ঘটনায় বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার রাতে দিঘায় আয়োজিত এক প্রশাসনিক বৈঠকের পরই তিনি জানান, এই ঘটনার তদন্তভার সিআইডি (CID)-কে দেওয়া হচ্ছে।

মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, উদয়পুরে ঘটে যাওয়া তারকার মৃত্যু নিয়ে ওড়িশা সরকার ইতিমধ্যেই সিট (SIT) গঠন করে তদন্ত শুরু করেছে। সেই সূত্রেই তিনি পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে দ্রুত ডিজিপির মাধ্যমে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন, যাতে আইনি প্রক্রিয়া মেনে মামলাটি সিআইডির হাতে হস্তান্তর করা যায়।

জানা গিয়েছে, প্রয়াত অভিনেতার পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে এবং আপাতত পুলিশ এটিকে অস্বাভাবিক মৃত্যু বা ইউডি (UD) মামলা হিসেবেই নথিবদ্ধ করেছে। তদন্তের স্বচ্ছতা বজায় রাখতেই রাজ্য সরকার সিআইডি তদন্তের পথে হাঁটছে বলে মনে করা হচ্ছে।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কড়া হস্তক্ষেপ করেছিলেন এই ঘটনায়। তারকা ও কলাকুশলীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)। তাদের অভিযোগ, শুটিং ইউনিটের চরম অবহেলা এবং নিয়ম না মানার কারণেই অকালে প্রাণ হারিয়েছেন রাহুল।

এই ঘটনার বিচার চেয়ে AICWA-র কেন্দ্রীয় সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হয়েছেন। পিএমও-তে অভিযোগপত্র জমা দিয়ে সংগঠনের দাবি, দোষীদের কঠোর শাস্তি দিতে হবে।

পাশাপাশি, এই ঘটনায় ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’-এর লীনা গাঙ্গুলি ও শৈবাল ব্যানার্জি-সহ সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার কর্তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে ফৌজদারি মামলা চালানোর দাবিও তোলা হয়েছে।

এদিকে, পুরো বিষয়টি খতিয়ে দেখতে ও গাফিলতির উৎস খুঁজতে দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষ তদন্তকারী দল বা এসআইটি (SIT)-কে। AICWA-র এই আন্দোলনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ওড়িশা সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। কলাকুশলীদের নিরাপত্তার খাতিরেই এই ঘটনাকে কেন্দ্র করে দৃষ্টান্তমূলক পদক্ষেপ চাইছে সিনে ফেডারেশন, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি কাউকে না হতে হয়।