প্রায় আড়াই মাস হতে যায় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির অকালমৃত্যুর। স্টার জলসার ধারাবাহিক 'ভোলেবাবা পার করেগা'র আউটডোর শুটিংয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল। তাঁর মৃত্যুর পিছনে কারণ হিসেবে উঠে আসে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের দায়িত্বহীনতা। রাহুলের মৃত্যুর তদন্তের দাবিতে তালসারি থানায় অভিযোগ দায়ের করেন স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। 

সেই সময় প্রিয়াঙ্কা পাশে পেয়েছিলেন আর্টিস্ট ফোরামের সদস্যদের। আড়াই মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত রাহুলের মৃত্যুর আসল কারণের কিনারা মেলেনি। কতদূর এগিয়েছে তদন্তের কাজ? আজকাল ডট ইন-কে আর্টিস্ট ফোরামের সহ সভাপতি ভরত কল বলেন, "আমার কাছে যতটুকু খবর আছে, তাতে জেনেছি যে তদন্ত চলছে। ওড়িশা পুলিশ ভালভাবেই তাঁদের কাজ করছেন। এটা আসলে সময়সাপেক্ষ ব্যাপার। তাই তাড়াহুড়ো করে কিছু হবে না। আসল সত্যিটা সবার সামনে আসার জন্য আমাদের প্রত্যেককে অপেক্ষা করতে হবে।"

ভরত কল আরও বলেন যে, "আমরা রাহুলের পরিবারের পাশে ব্যক্তিগতভাবে ছিলাম, আছি ভবিষ্যতেও থাকব। কারণ, এই ক্ষতিটা আমাদের সবার। আর্টিস্ট ফোরামের সদস্য যদি না-ও হতাম, তাহলেও এই সময় প্রিয়াঙ্কার পাশে থাকতাম।"

শুটিং করতে গিয়ে রাহুলের মৃত্যুতে নড়েচড়ে বসেছিল গোটা টলিউড ইন্ডাস্ট্রি। তখন ফ্লোরে নতুন এসওপি গঠন করার কথা উঠেছিল। সেই মতো কি কাজের ধরনে বদল এসেছে? এই বিষয়ে ভরত কলের জবাব, "অবশ্যই বদল এসেছে। আগেও এসওপি ছিল, এবার সেটা নতুন করে গঠন করা হয়েছে‌। আগের থেকে এখন বিষয়টা অনেক কার্যকরী। কিছুদিন আগেই অর্ণব রিঙ্গো ব্যানার্জি একটা আউটডোর শুটিং করল। সেখানে সমস্ত নিয়ম মেনেই কাজ হয়েছে।"

ভরত কল বলেন, "সদ্য নতুন সরকার গঠন হয়েছে। এবার তাঁদেরকেও সময় দিতে হবে সমস্ত দিক আবার নতুনভাবে গড়ে তুলতে। আমরা আর্টিস্ট ফোরামের সবাই রাহুলের মৃত্যুর তদন্তের দাবিতে সরব হয়েছিলাম, এখনও তাই-ই আছি। চাই ও যেন বিচার পায়।"