পরিচালক রাহুল মুখার্জির নতুন বাংলা ছবি ‘খানিকটা প্রেমের মতো’ ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। আধুনিক প্রেক্ষাপটে নির্মিত এই রোম্যান্টিক কমেডি ছবিটি প্রেম, ভুলবোঝাবুঝি, বিচ্ছেদ ও পুনর্মিলনের এক মিষ্টি গল্প তুলে ধরবে দর্শকের সামনে।

ছবির কেন্দ্রে রয়েছে উজান ও মোহনা। স্বভাবে সম্পূর্ণ বিপরীত দুই মানুষ। অপ্রত্যাশিতভাবে তাদের প্রেমের সূচনা হলেও দার্জিলিং ভ্রমণে গিয়ে তারা বুঝতে পারে, হয়তো তারা একে অপরের জন্য আদর্শ নয়। সম্পর্ক ভাঙনের পথে এগোতে থাকলে গল্পে আসে নতুন মোড়।

উজানের দাদা-তুতো ভাই প্রিয়ম এবং মোহনার ঘনিষ্ঠ বন্ধু ও ফ্ল্যাটমেট শ্রেয়া, দু’জনেই এই বিচ্ছেদের পর একে অপরের কাছাকাছি আসতে শুরু করে। প্রেমের এক অভিনব ‘রোল রিভার্সাল’-এর মাধ্যমে তারাই এবার উদ্যোগী হয় উজান ও মোহনাকে পুনরায় একত্রিত করার। হাস্যরস আর আবেগের মিশেলে ছবিটি প্রশ্ন তোলে, প্রেম কি নিখুঁত মানুষ খোঁজার নাম, নাকি একে অপরকে একটু বুঝে নেওয়া ও মানিয়ে নেওয়ার প্রয়াস?

ছবিতে উজানের ভূমিকায় অভিনয় করেছেন রাহুল দেব বোস এবং মোহনার চরিত্রে দেখা যাবে মেঘা চৌধুরীকে। শ্রেয়ার চরিত্রে অভিনয় করেছেন আভেরি সিংহ রায় এবং প্রিয়মের ভূমিকায় রয়েছেন দুর্বার শর্মা। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঋষভ চক্রবর্তী, মৌপিয়া গোস্বামী, অয়ন ভট্টাচার্য এবং দেবী সাহা। ভ্যালেন্টাইনস ডে-তে মুক্তিপ্রাপ্ত এই ছবি প্রেমের নতুন ব্যাখ্যা নিয়ে দর্শকদের মনে বিশেষ ছাপ ফেলবে বলেই মনে করছেন নির্মাতারা।

রাহুল মুখার্জি বরাবরই রোম্যান্টিক কমেডি ঘরানায় নিজের স্বতন্ত্র ছাপ রেখেছেন। ‘কিশমিশ’ ও ‘দিলখুশ’-এর মতো ছবিতে তিনি মিষ্টি প্রেম, সম্পর্কের টানাপোড়েন এবং তরুণ প্রজন্মের আবেগকে সহজ-সরল অথচ হৃদয়ছোঁয়া ভঙ্গিতে তুলে ধরেছেন। সম্প্রতি নির্মিত ‘মন মানে না’-তেও সেই স্বাক্ষর বজায় রেখেছেন তিনি। রাহুলের ছবি মানেই প্রেমের নানা রং, খুনসুটি, ভুল বোঝাবুঝি আর আবেগের সূক্ষ্ম মেলবন্ধন, যা শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের মন জয় করে নিতে সক্ষম।