২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় প্রথমবার রাজনীতির ময়দানে নেমে রচনা বন্দ্যোপাধ্যায় এমন একাধিক মন্তব্য করেছেন যা কখনও বিতর্ক তৈরি করেছেন, কখনও হাসি মজার উদ্রেক ঘটিয়েছে। তবে এবার তিনি যে আবাসনে থাকেন সেই আরবানা নিয়ে যে মন্তব্য করেছেন তা নিয়ে ছিছিকার পড়ে গিয়েছে। চলছে জোর বিতর্ক। এই বিলাসবহুল আবাসনে একাধিক টলিউড তারকারা থাকেন, তাঁরা কী ভাবছেন বা বলছেন রচনা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে খোঁজ নিল আজকাল ডট ইন।
এদিন অরিন্দম শীল বলেন, "আমার মনে হয় সবার আগে রচনাকে প্রশ্ন করা উচিত যে উনি কী ভেবে কথাটা বলেছেন। প্রত্যেক মানুষের তাঁর আত্মপক্ষ সমর্থন করার অধিকার আছে। উনি উত্তেজনার বশে কী বলেছেন, সেটা বলার জন্য ওঁকে সেই জায়গাটা দেওয়া উচিত। দ্বিতীয়ত, আরবানা কেন, পৃথিবীর যে কোনও জায়গায়, যে কোনও মানুষের জীবনধারণ করার জন্য, তার মতো করে তাঁর জীবনধারণ করার জন্য তাঁর নিজস্ব যোগ্যতায় বাঁচে।" তিনি এদিন বলেন, "আমিও আরবানায় থাকি, কিন্তু তার জন্য আলাদা কী যোগ্যতা লাগে আমি জানি না। এরকম একটা মন্তব্য যখন এতটা ভাইরাল হয়ে যায় এবং সেটাকে যখন সদর্থক ভাবে নেওয়া হয় না সেটা আমরা সবাই যাঁরা আরবানায় থাকি তাঁদের জন্য লজ্জাজনক হয়ে যায়। বক্তব্য যিনি দিয়েছেন, করেছেন এটা সম্পূর্ণ ভাবে তাঁর নিজস্ব।"
ব্যবসায়ী, তথা হিরণ চট্টোপাধ্যায়ের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় বলেন, "সকলেরই তো একটা নিজের নিজের ভাবনাচিন্তা থাকে, তবে আমি আমারটা বলতে পারি। আমার কখনই কোথাও থাকার জন্য বিশাল যোগ্যতা আছে বলে মনে হয় না। আরবানায় থাকলেই খুব যোগ্য হওয়া যায়, আর অন্য জায়গায় যাঁরা থাকেন তাঁরা যোগ্য নন, এটা আমি একদমই বিশ্বাস করি না।"
অভিনেত্রী পায়েল সরকার এই বিষয়ে সাফ সাফ বলেন, "আমার কোনও মত নেই। যাঁর যেটা মনে হয়েছে, তিনি সেটা বলেছেন। এই বিষয়ে কোনও মত নেই। যাঁর যেখানে থাকতে ইচ্ছে করবেন তিনি সেখানে থাকবেন।"















