‘দিদি নম্বর ওয়ান’ আর রচনা ব্যানার্জি, এই দু’টো নাম যেন একে অপরের পরিপূরক। বেশ অনেক বছর ধরে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় এবং দীর্ঘদিনের রিয়েলিটি শো-এর সঞ্চালক হিসেবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। কিন্তু এবার এই অনুষ্ঠানের মুখ বদলাতে চলেছে। রচনা ব্যানার্জিকে আর দেখা যাবে না সঞ্চালকের আসনে! বদলে তাঁর জায়গা নিতে পারেন আর এক জনপ্রিয় অভিনেত্রী, টলিপাড়ায় এমনই জল্পনা তুঙ্গে।
শোনা যাচ্ছে, ‘দিদি নম্বর ১’-এ বড় পরিবর্তন আসতে চলেছে। খুব শীঘ্রই বাংলার ঘরে ঘরে নতুন ‘দিদি’ হবেন আরেক নায়িকা। ইন্ডাস্ট্রির অন্দরে জোর গুঞ্জন, এবার ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালনা করবেন স্বস্তিকা মুখার্জি। শোনা গিয়েছে, ইতিমধ্যে চ্যানেলের পক্ষ থেকে তাঁর কাছে এবিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও আজকাল ডট ইন-এর তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে এবিষয়ে কোনও উত্তর পাওয়া যায়নি।

রচনা ব্যানার্জির আগে ‘দিদি নম্বর ওয়ান’ সঞ্চালনা করতেন পুষ্পিতা মুখোপাধ্যায়। মাঝে একবার জুন মালিয়া এবং দেবশ্রী চক্রবর্তী হয়েছেন এই শোয়ের সঞ্চালিকা৷ কিন্তু জনপ্রিয়তার নিরিখে কোনও অভিনেত্রীই রচনাকে ছাপিয়ে যেতে পারেননি। দর্শক মহলে বরাবরই ‘দিদি নম্বর ওয়ান’-এ রচনার চাহিদাই ছিল তুঙ্গে। একাধিকবার অভিনেত্রী নিজেও স্বীকার করেছেন, জি বাংলার এই শো তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। কিন্তু বর্তমানে পরিস্থিতি বদলেছে। শো-এর নতুন অধ্যায়ে আর থাকবেন না তিনি।
গত কয়েক মাসে রচনাকে নিয়মিতভাবে এই অনুষ্ঠানে দেখা যায়নি। ব্যস্ততার কারণে সময় দিতে পারছিলেন না তিনি। বেশ কয়েকটি পর্বে তাঁর পরিবর্তে সঞ্চালনার দায়িত্ব সামলাতে সামলেছেন টেলিভিশনের জনপ্রিয় জুটি শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস। সেসময়ই শোনা গিয়েছিল, অনুষ্ঠানটিতে নতুনভাবে সাজাতে চান নির্মাতারা। তবে এর সঙ্গে রচনার রাজনৈতিক অবস্থান নিয়েও জল্পনা দেখা গিয়েছে।
হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। সূত্রের খবর, মঙ্গলবার লোকসভার সচিবের দফতরে গিয়ে তিনি জানিয়ে এসেছেন, দলত্যাগী ২০ জন তৃণমূল সাংসদের তালিকায় তিনিও রয়েছেন। তবে কি অভিনেত্রীর রাজনৈতিক অবস্থান বদলের জেরেই এতদিনের জনপ্রিয় শো থেকে সরে যাচ্ছেন তিনি? আপাতত নতুন সিজনে তাঁর জায়গায় সত্যিই স্বস্তিকা মুখার্জিকে দেখা যাবে কিনা, তা সময়ই বলবে।















