বুধবার রাজ্যে চলছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটদান পর্ব। সকাল সাতটা থেকে কলকাতা, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বাংলার ভোট উৎসবে সামিল হয়েছেন টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীরাও। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোট দিতে দেখা যায় তারকাদের। এদিন ছেলে তৃষাৎজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে ভোট দিতে আসেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
প্রসেনজিৎপুত্র তৃষাণজিৎ এবার প্রথমবারের ভোটার। ছেলের ভোটদান প্রক্রিয়া নিয়ে উচ্ছ্বসিত টলিউডের ‘জ্যেষ্ঠপুত্র’। এদিন দুপুরে তৃষাণজিৎ-এর সঙ্গে বালিগঞ্জের ভোটকেন্দ্রে ভোট দেন নায়ক। তাঁর পরনে ছিল শেওলা রঙের ক্যাজুয়াল শার্ট ও জিন্স, চোখে রোদচশমা। বাবার সঙ্গে হাসিখুশি মেজাজে ছিলেন তৃষাণজিৎ। তিনি পরেছিলেন হলুদ শার্টের সঙ্গে মাথায় কালো টুপি। এদিন ভোট দিয়ে বেরোনোর পর প্রসেনজিৎ বলেন, “সুস্থভাবে ভোট হয়েছে। আমি খুব খুশি যে আমার ছেলে প্রথম ভোট দিল।”
প্রসঙ্গত, প্রসেনজিৎ-পুত্র তৃষাণজিৎ কি গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন, গত মার্চ মাস নাগাদ নেটপাড়া থেকে অনুরাগীমহলে এই জল্পনা শুরু হয়েছিল। গুঞ্জনের সূত্রপাত হয়েছিল ফেসবুকের একটি পোস্ট ঘিরে। যা করা হয়েছিল তৃষাণজিৎ চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে। পোস্টে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে ছবি পোস্ট করে রাম নাম করতে দেখা যায় নায়কপুত্রকে! এরপরেই শুরু হয় ফিসফাস। যদিও বিষয়টি পুরোপুরি পরিষ্কার করে দেন প্রসেনজিৎ। আজকাল ডট ইন-কে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, “ফেসবুকের যে প্রোফাইল থেকে ওই পোস্টটি করা হয়েছে, সেটি তৃষাণজিতের নয়! ওটা ওর নামের একটা ফেক প্রোফাইল! এই ছবিটি তৈরি করা হয়েছে।”
এদিন বিভিন্ন ভোটকেন্দ্রে টলিপাড়ার একাধিক পরিচিত মুখের দেখা মেলে। স্ত্রী মোহনাকে নিয়ে ভোট দিতে হাজির হয়েছিলেন জিৎ। ভোটের দিন রংমিলান্তিতে ধরা দিয়েছিলেন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। শুভশ্রীর সঙ্গে ভোট দেন পরিচালক তথা ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ চক্রবর্তী। মা-বাবা-র সঙ্গে ভোট দেন অঙ্কুশ-ঐন্দ্রিলাও।
এদিন সকালে বাবা-মায়ের সঙ্গে ভোট দেন আবির চ্যাটার্জি। ভোটদান পর্বের পর গাড়িতে সপরিবারে ছবি শেয়ার করেন অভিনেতার বাবা তথা বর্ষীয়ান অভিনেতা ফাল্গুনী চ্যাটার্জি। বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিকের সঙ্গে দুপুরে ভোট দিতে আসেন অভিনেত্রী তথা রাজ্যসভার সাংসদ। ধূসর রঙের ওপর লাল-সবুজ-হলুদ রঙের সুতোর কাজ করা সালোয়ার কামিজ পরেছিলেন তিনি। এছাড়াও অনির্বাণ চক্রবর্তী, রচনা বন্দ্যোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী সহ তাবড় তারকারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন।















