সন্ধ্যা নামলেই টালিপাড়ায় ফিসফাস আর রাজ্য রাজনীতির অলিন্দে নতুন জল্পনা। মহানায়ক উত্তমকুমারের শততম জন্মদিবস উদযাপনের রূপরেখা ঠিক করতেই কি সোজা নবান্নে হাজির 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? আর অন্যদিকে, এই হাই-প্রোফাইল বৈঠকের পরেই জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক ও বিনোদন মহল।

সূত্রের খবর, মহানায়কের শতবর্ষ উদযাপনের মতো এক বিশাল সাংস্কৃতিক আয়োজনকে সফল করতে সরকারের সহযোগিতা একান্ত প্রয়োজন। আর সেই কারণেই টলিপাড়ার ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সরাসরি হাজির হন নবান্নে। বৈঠকটি করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে।

যদিও এই বৈঠক নিয়ে মন্ত্রী অথবা টলি-তারকার তরফে কোনও মন্তব্য আসেনি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, বাংলার সংস্কৃতি ও বিনোদন জগতকে সামনে রেখে এই সাক্ষাৎকারের গুরুত্ব নেহাত কম নয়। উত্তম-স্মরণে কোনও বড় মেগা ইভেন্ট বা সরকারি কোনও বিশেষ প্রকল্পের পরিকল্পনা কি তবে পাকা হয়ে গেল? সেই উত্তর সময়ই দেবে। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীর এই জরুরি বৈঠক নতুন করে উসকে দিয়েছে নানা জল্পনা।